গণিতজ্ঞ, সাহিত্যিক মীজানুর রহমান আর নেই
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিতজ্ঞ কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক মীজানুর রহমান আর নেই।
কানাডার স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় অটোয়ার সিভিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৮২ বছর। তার দুই ছেলে রয়েছে।
মীজানুর রহমান রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অটোয়া সিভিক হাসপাতালে ভর্তি করা হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।
১৯৩২ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী মীজান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে যুক্তরাজ্যের কেমব্রিজ ও কানাডার নিউ ব্রান্সউইক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেন।
১৯৬৫ সালে তিনি অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন। একটানা ৩৩ বছর শিক্ষকতার পর ১৯৯৮ সালে তিনি অবসরে যান। এর পরেও কার্লটন বিশ্ববিদ্যালয় তাকে ‘ডিস্টিংগুইশ্ড রিসার্চ প্রফেসর’ হিসেবে নিয়োগ দেয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পদে কর্মরত ছিলেন।
গণিত শাস্ত্রের প্রখ্যাত পণ্ডিত জর্জ গ্যাসপারের সঙ্গে রচিত তার গণিত বিষয়ক গ্রন্থ বেসিক হাইপার জিওমেট্রিক সিরিজ আধুনিক গণিতের একটি উল্লেখযোগ্য বই হিসেবে স্বীকৃত।
গণিতের অধ্যাপক মীজানুর রহমান বাংলা সাহিত্য জগতেও পদচারণা করেছেন। গণিতজ্ঞ, দার্শনিক পরিচয়ের মতোই সাহিত্যিক হিসেবেও তিনি খ্যাতি পেয়েছেন।
