ভ্যাঙ্কুভারে বিজয় দিবস উদযাপিত
কানাডার বৃটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ‘গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন’(জিভিবিসিএ)-এর উদ্যোগে ২০ ডিসেম্বর, রোববার সন্ধ্যায় বার্নাবি শহরের মে উড কমিউনিটি স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাধীন বাংলাদেশের জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্যে জিভিবিসিএ'র সভাপতি ড. মো. আবু আলী খান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের আমরা যেন কখনো ভুলে না যাই। আমাদের নতুন প্রজন্মের কাছে যেন তুলে ধরি তাদের আত্মত্যাগের ইতিহাস, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলার আকাশে-বাতাসে কিভাবে প্রতিধ্বনিত হয়েছিল বিজয়ের উল্লাস, সেদিনের ঢাকার আনন্দ-শিহরিত সময়ের বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন জনাব ওয়ালিয়ুর রহমান। স্বাধীন দেশের সেই বিজয় মিছিলের রেশ এখনো যেন তার প্রাণে দোলা দেয়।
রাশেদুল মাহমুদ এবং তুহিনা ইমামের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আভিয়ান, আডোরা, সুস্মিতা এবং মুশফিকুল আরেফিন। নৃত্য পরিবেশন করে রুদমিলা আয়ুশি, স্বর্ণা এবং সাজিদা। কবিতা আবৃত্তি করেন তাভিয়া আজাদ, রায়ান ফেরদৌস, ইসমাম, জাহিদ লতিফ, দুলাল আল হোসাইন এবং গুলশান শিপু। অনুষ্ঠানে তবলায় সঙ্গত করেন বিশ্বজিৎ বিশ্বাস এবং কিবোর্ডে ছিলেন শাহেদ আলম।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
