২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডার বাই ন্যাশনাল চেম্বারে আবারও আতিকুর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ‘অ্যাসোসিয়েশন অব বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’ এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আতিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 04:50 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

এর আগে ২০১৩ সালের নির্বাচনেও একই পদে বিজয়ী হয়েছিলেন তিনি।

আতিকুর রহমান ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি।

৪০টিরও বেশি দেশের চেম্বার অব কমার্সের প্রতিনিধিত্ব করা এই সংগঠন যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে বিভিন্ন দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে দেন-দরবারসহ নানান বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মঙ্গলবার রাতে বিভিন্ন দেশের ৮ হাজার সদস্য-ব্যবসায়ীর ভোটে আতিকসহ নির্বাহী কমিটির অন্য সদস্যরা বিজয়ী হন।

কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুইডিশ আমেরিকান চেম্বার অব কমার্সের লিটা হ্যাগার।

সেক্রেটারি হয়েছেন আর্জেন্টাইন আমেরিকান চেম্বার অব কমার্সের প্যাট্রিক ম্যুরে।

কমিটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন ইকুয়েডরিয়ান আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশনের জিমি চ্যাং।

নতুন এ কমিটি আগামী বছরের ১ জানুয়ারি থেকে ২০১৭ এর জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ সদস্য দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানি সহজ করতে জোর চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশি-আমেরিকান চেম্বার অব কমার্স নেতা আতিক।

“আগের দফায় সেন্ট্রাল আমেরিকার দেশসমূহে বাংলাদেশের পণ্য রপ্তানী আর যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, হংকং ও জার্মানির বিনিয়োগকারিদের বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম। এবার এই তালিকা যেন আরও বাড়ে সেদিকে নজর দেব।”