দুবাইয়ে ‘লাল সবুজের বাংলাদেশ’
মধ্যপ্রাচ্যের দুবাইয়ে প্র্রবাসীরা বিজয় দিবস উদযাপন করেছে।
শুক্রবার দুবাইয়ের ‘বাংলাদেশ সোশাল ক্লাব’র উদ্যোগে ক্রিক পার্কে অনুষ্ঠিত হয়েছে বিজয় উৎসব ২০১৫।
‘অন্তরে অনুভবে লাল সবুজের বাংলাদেশ’ শ্লোগানে শুরু হয় অনুষ্ঠান, আমিরাতে বসবাসরত বাঙালিরা লাল-সবুজের রঙে রাঙিয়ে তোলেন মরুভূমির দেশের পার্কটিকে।
বাঙালিরা ছাড়াও অন্যদেশের প্রবাসীরা যোগ দেন এই বর্ণিল আয়োজনে। প্রায় দুই শতাধিক বাংলাদেশি অভিবাসী অংশ নেন এতে। প্রায় সবাই সেজে এসেছিলেন লাল সবুজের সাজে ।
সকাল ১১ টা থেকে শুরু করে এই আয়োজন চলে সন্ধ্যা পর্যন্ত। প্রথমেই সমবেতভাবে জাতীয় সঙ্গীত গেয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করা হয়।
উৎসবে অংশগ্রহণকারীদের জন্য ছিল ফেইস পেইন্টিংসহ আরও নানারকম বিনোদনমূলক আয়োজন। কানিজ ফাতেমা পপি শিশুদের মুখে বাংলাদেশের পতাকা একে অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তুলেন। মামুন রেজা ও ইমাম হুসেইন জাহিদের সঞ্চালনায় এই অনুষ্ঠানের সার্বিক বাবস্থাপনায় ছিলেন বাংলাদেশ সোশাল ক্লাবের সভাপতি নওশের আলি, নজরুল ইসলাম, আলি আহসান, জাহাঙ্গির আলম রুপু এবং মুস্তাফিজুর রহমান শোয়েব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু আহাদ, বাংলাদেশ কনসুলেটের কাউন্সিলর তানভির মনসুর।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
