২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র বিএনপির পাল্টা-পাল্টি সমাবেশ, উত্তেজনা

বিজয় দিবস উপলক্ষে পাঁচ ভাগে বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপির পাল্টা-পাল্টি দুটি সমাবেশ উত্তেজনা ছড়িয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 03:12 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে শরাফত হোসেন বাবুর সভাপতিত্বে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের  সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।

একই সময়ে সিকি মাইল দূরত্বে পালকি সেন্টারে সম্মিলিতভাবে সমাবেশ করে দলের অন্য চার অংশ। এতে দলের আগের কমিটির নেতারা অংশ নেন।

শরাফত হোসেন বাবু ও জসীম ভূঁইয়া নেতৃত্বাধীন গ্রুপের সমাবেশে সাদেক হোসেন খোকার অংশগ্রহণ ঠেকাতে অপর অংশগুলো চেষ্টা চালিয়েছিল বলে বাবু গ্রুপের নেতা মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন।

“তবে সাদেক হোসেন খোকা আগেই সমাবেশে যোগ দেওয়ার অঙ্গীকার করায় তাদের চেষ্টা সফল হয়নি,” বলেন তিনি।

এছাড়া সম্মিলিত গ্রুপ জুইশ সেন্টারের সমাবেশে হামলার পরিকল্পনা করলেও নেতাদের হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গেছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

জুইশ সেন্টারের সমাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে সাদেক হোসেন সরকারের সমালোচনা করে বলেন, “যে লক্ষ্য ও চেতনায় আমরা একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, তা থেকে জাতি আজ বহুদূরে সরে গেছে। দেশে গণতন্ত্রের নাম-নিশানা নেই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই। জুলুম-নির্যাতনের ভয়াবহতা গ্রাস করেছে দেশকে। গণতন্ত্র আজ বিপন্ন।”

এ অবস্থা থেকে উত্তরণে বিএনপির নেতৃত্বে জনগণের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে মন্তব্য করে তিনি বলেন, “আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটের মাধ্যমে বর্তমান সরকারের অপশাসন আর দুঃশাসনের বিরুদ্ধে রায় দিতে হবে।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপারসন আকতার হোসেন বাদল, মহাসচিব জসীমউদ্দিন ভিপি, নিউ ইয়র্ক বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, ড. শওকত আলী, নীরা রাব্বানী, আবু সুফিয়ান প্রমুখ।

Image
যুক্তরাষ্ট্র বিএনপির চার অংশের সম্মিলিত সমাবেশে অতিথিরা।

যুক্তরাষ্ট্র বিএনপির চার অংশের সম্মিলিত সমাবেশে অতিথিরা।

অন্যদিকে পালকি পার্টি সেন্টারের সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম এবং পরিচালনা করেন জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও বিএনপিনেতা গোলাম ফারুক শাহীন। 

অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি গিয়াস আহমেদ ও সোলায়মান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও মোস্তফা কামাল পাশা বাবুল, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সভাপতি পারভেজ সাজ্জাদ, শ্রমিকদল নেতা শফি আলম লাল, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, নিউ ইয়র্ক বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু প্রমুখ।

সমাবেশে আব্দুল লতিফ সম্রাট ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণদের’  বাদ দিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে বিএনপির কমিটি করার প্রক্রিয়া প্রতিহতের ঘোষণা দেন।

তিনি বলেন, “তারেক রহমানের দোহাই দিয়ে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এহসানুল হক মিলন এ প্রক্রিয়া অবলম্বন করার পর থেকে সর্বত্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সেই প্রক্রিয়ার সমর্থনেই শরাফত হোসেন বাবুর গ্রুপ মাঠে নেমেছে বলে অভিযোগ করেন তিনি।

দুই বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেওয়ার পর থেকে নেতৃত্ব পেতে আগ্রহীরা পাঁচ ভাগে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছেন।