এবার যুক্তরাষ্ট্র আ. লীগ সাধারণ সম্পাদক ‘বহিষ্কার’
পাল্টাপাল্টি অভিযোগ করে একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন সংগঠনের সভাপতি।
নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলন থেকে সাধারণ সম্পাদককে বহিষ্কার ও সংগঠনের আরও আট নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
সংগঠনের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী ও আইরিন পারভিন, সহ-সভাপতি মাহবুবুর রহমার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন ও আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া (এনাম), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনিকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এক সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে ব্যর্থ হলে তারা দল থেকে 'বহিষ্কৃত' হিসেবে গণ্য হবেন বলে ওই সম্মেলনে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
"পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজ্জাদকে বহিষ্কারের এই নির্দেশ বহাল থাকবে। ততদিন পর্যন্ত যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।"
বর্তমান কার্যকরী কমিটির গত চার বছরের আয়-ব্যয়ের হিসাব নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের জেরে কয়েক মাস ধরেই পাল্টাপাল্টি অভিযোগ তুলে গণমাধ্যমে বিবৃতির পর সভাপতি পক্ষ থেকে এই বহিষ্কারের ঘোষণা এল।
এর আগে ৯ ডিসেম্বর সাধারণ সম্পাদক সাজ্জাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি সিদ্দিকুরসহ চার নেতাকে বহিষ্কার করে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হলেও সভাপতির সংবাদ সম্মেলনের আগে ওই বিজ্ঞপ্তি 'বিনাশর্তে প্রত্যাহার করে' আরেকটি বিজ্ঞপ্তি দেন সাজ্জাদ।
সভাপতিসহ চারজনকে বহিষ্কার ও তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ও ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির দুই দফা বৈঠকে কমিটির ৭২ সদস্যের মধ্যে ৪৮ জন উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।
৬ ডিসেম্বরের কার্যকরী কমিটির সভা আহ্বানের বিষয়ে সভাপতি কিছুই জানেন না বলে দাবি করলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী সভা আহ্বান করার চার সপ্তাহ আগে সভাপতির অনুমোদন নেওয়া হয় বলে সাধারণ সম্পাদকের পাঠানো প্রথম বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
সভাপতি সিদ্দিকুর রহমানের আহ্বান করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।
এতে বলা হয়, গত ৬ ও ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ‘সভাপতিকে না জানিয়ে’ কার্যকরী পরিষদের নামে যে সভা আহ্বান করেন, তা ‘অবৈধ, অগঠনতান্ত্রিক এবং ক্ষমতার এখতিয়ারের বাইরে’।
সাজ্জাদ ছাড়া বাকি আটজন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে ৬ ও ৮ ডিসেম্বরের ওই সভার আয়োজক হওয়ার কারণে।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ নেতা-কর্মীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টির অপপ্রয়াস চালানো হয়েছে।
সাধারণ সম্পাদক সাজ্জাদ সভাপতির বিরুদ্ধে 'মিথ্যা অপবাদ ও কুৎসা' রটনা করে গণমাধ্যমে প্রচার করেছেন বলে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দাবি করা হয়।
এতে বলা হয়, এমন সংবাদ শেখ হাসিনাসহ দলের হাই কমান্ডের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে সাধারণ সম্পাদক সাজ্জাদকে ‘সাসপেন্ড’ করার নির্দেশ দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল রাখার সিদ্ধান্ত দেন।
সম্মেলনে অভিযোগ করা হয়, সাধারণ সম্পাদক সাজ্জাদের ছেলে লুৎফর রহমান সুইট ‘নবীন লীগ’ নামের একটি সংগঠন করে এর প্রধান উপদেষ্টা করেছেন সজীব ওয়াজেদ জয়কে। যদিও জয়কে তা জানানো হয়নি বা তার অনুমতিও নেওয়া হয়নি।
এছাড়া নবীন লীগের নামে বিভিন্ন অজুহাতে চাঁদাবাজির সঙ্গে সাজ্জাদের জড়িত থাকার তথ্যে এসব অপতৎপরতা থেকে বিরত থাকা ও কথিত ওই সংগঠন বিলুপ্তির নির্দেশ দেওয়া হলেও সাজ্জাদ তা করেননি বলে সভাপতি পক্ষের দাবি।
"এসব অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের কাছে গেছে। এই চাঁদাবাজির জন্যেই সাজ্জাদকে বহিষ্কার করা হয়েছে," বলে মন্তব্য করেন সভাপতি।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে সাধারণ সম্পাদক সাজ্জাদের ডাকা কার্যকরী কমিটির কথিত বৈঠকে (৬ ও ৮ ডিসেম্বর) যারা ছিলেন তাদের কাউকেই দেখা যায়নি।
এদিকে সভাপতি সিদ্দিকুরের এই সংবাদ সম্মেলনের আগে আগে দুপুরের মধ্যে সভাপতিসহ যে সব কর্মকর্তাকে বহিষ্কারের প্রচারণা চালানো হয়েছিল, সেগুলো বিনাশর্তে প্রত্যাহারের প্রেস বিজ্ঞপ্তি বিতরণ করেন সাজ্জাদ।
বিজ্ঞপ্তিতে সাজ্জাদ বলেন, "নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে দল থেকে সভাপতি সিদ্দিকুর রহমানসহ অন্যদের বহিষ্কার করা হয়েছিল, যা এই মুহূর্ত থেকে প্রত্যাহার করে নেওয়া হল।"
সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাজ্জাদ বলেন, "শীর্ষ নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে এ সিদ্ধান্ত মেনে নিয়েছি। পদ-পদবী না থাকলেও জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই থাকব।”
“প্রতিহিংসার বশে দলীয় প্রধানকে আমার ব্যাপারে ভুল বোঝানো হয়েছে,” বলে দাবি করেন তিনি।
‘নবীন লীগ’ সংগঠন ও ছেলে লুৎফরের বিষয়ে সাজ্জাদ বলেন, “তার (লুৎফর) বয়স মাত্র ১৮ বছর। এই বয়সে সে ভুল করতেই পারে। তবে নবীন লীগ বিলুপ্ত করা হবে।”
সভাপতি সিদ্দিকুরের অনুমতি ছাড়া কার্যকরী পরিষদের সভা ডাকা এবং সভাপতিকে বহিষ্কার প্রসঙ্গে সাজ্জাদুর বলেন, “সভাপতির অনুমতি নিয়েই সভা ডেকেছিলাম।”
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
