‘নিয়ন্ত্রিত গণতন্ত্রে’ বাংলাদেশ: নিউ ইয়র্কে খোকা
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ‘নিয়ন্ত্রিত রাজনীতি চালাচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।
শনিবার ফ্লোরিডা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে তিনি বলেন, “দেশে গণতন্ত্র নেই, রাজনীতিও নেই। যতটুকু আছে তা নিয়ন্ত্রিত।”
দক্ষিণ ফ্লোরিডার ফোর্ট-লডারডেলে ৭ নভেম্বর উপলক্ষে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফ্লোরিডা বিএনপির সভাপতি মোহাম্মদ দিনাজ খান, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ-সভাপতি আবদুর রশিদ খান হারুন, ফ্লোরিডা জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ।
খোকা বলেন, “আওয়ামী লীগ ও গণতন্ত্র পাশাপাশি চলতে পারে না। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা অবৈধভাবে দেশ শাসন করছে।”
বছর খানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই বিএনপি নেতা বাংলাদেশের ‘অপশক্তির’ উত্থানের জন্য আওয়ামী লীগ সরকারকেই দায়ী করেছেন।
“তাদের অসহিষ্ণু মনোভাবের কারণে অপশক্তির উত্থান ঘটছে। সেই অপশক্তি দেশে নৈরাজ্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, অথচ আওয়ামী লীগ ঢালাওভাবে বিএনপি-জামায়াতের উপর দোষ চাপিয়ে দিচ্ছে।”
তারেকের পক্ষে সমাবেশ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে ব্রুকলিন বিএনপি।
রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনের গ্রিন পার্টি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, ব্রুকলিন বিএনপির সভাপতি কামালউদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
