অ্যামনেস্টির বিরুদ্ধে কর্মসূচি নিউ ইয়র্কে
বাংলাদেশের স্বাধীনতাকামীরাও যুদ্ধাপরাধ সংঘটিত করেছে- অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতি এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি ওই বক্তব্য দিয়েছিল।
ওই বিবৃতি প্রত্যাহার চেয়ে শনিবার জ্যাকসন হাইটসে মানববন্ধন হয়। এই কর্মসূচি থেকে মুক্তমনা লেখক, ব্লগার, প্রকাশকদের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানও জানানো হয়।
‘ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্রেটিক বাংলাদেশ’র উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের প্রেসিডেন্ট ও নিউ জার্সি অঙ্গরাজ্যের কাউন্সিলম্যান নূরুন্নবী, সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী বক্তব্য রাখেন।
তারা বলেন, ‘ঔদ্ধত্যপূর্ণ’ ওই বিবৃতি প্রত্যাহার অথবা শব্দগত সংশোধনের জন্য পদক্ষেপ নিতে এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে একটি চিঠি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতেন, যুবকমান্ডের সাধারণ সম্পাদক শাহীন ইবনে দিলওয়ার, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, আর আমিন, সাইদুর রহমান, মনজুরুল আলম, রুহুল আমিন ভূইয়া, হুমায়ুন কবির, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজী, সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, প্রজন্ম ৭১’র সভাপতি শিবলী সাদেক, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, রাজিব আহসান পারভেজ, ফিরোজ মাহমুদ কর্মসূচিতে অংশ নেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
