যুক্তরাজ্যে সংবর্ধিত আইনজীবী মনজিল মোরসেদ
জাতীয় পরিবেশ পদক পাওয়ায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরসেদকে যুক্তরাজ্যে একাধিক সংবর্ধনা দিয়েছে প্রবাসীরা।
লন্ডন, মিল্টন কাইনস, সুইনডন, নর্থ হ্যাম্পটন ও স্কটল্যান্ডে প্রবাসীদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৩ অক্টোবর লন্ডনে দেওয়া সংর্বধনা অনুষ্ঠানে মনজিল মোরসেদ বলেন, যুক্তরাজ্যের ভিসা দেওয়ার কার্যক্রম ঢাকা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। এটা বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের মানবাধিকার লঙ্ঘনের শামিল।
পাশাপাশি প্রবাসীদের বাংলাদেশে হয়রানি, নির্যাতন এবং ভুমির অধিকার থেকে বঞ্চিত হওয়ার ঘটনার প্রতিকারের উপরও জোর দেন তিনি।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের যুক্তরাজ্য শাখার প্রেসিডেন্ট মো. রহমত আলী। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার আবদুল মুকিত, কাউন্সিলর আয়াছ মিয়া, সাবেক এমপি ও ইমিগ্রেশন এডভাইজার কিথ বেস্ট, লন্ডন বাংলা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী সভায় বক্তব্য দেন।
চলতি বছরের ১২ জুলাই জাতীয় পরিবেশ পদক পান সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।
পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য প্রতি বছর বন ও পরিবেশ মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে এ পদকের আয়োজন করে। দুই ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ (ব্যক্তিগত) ক্যাটাগরিতে আইনজীবী মনজিল মোরসেদকে ওই পদক দেওয়া হয়।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
