রাষ্ট্রদূত মোমেনকে বিদায় সংবর্ধনা
জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে একদল যুক্তরাষ্ট্র প্রবাসী।
শনিবার রাতে নিউ ইয়র্ক শহরের লং আইল্যান্ডে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেনের সম্মানে বিদায় সংবর্ধনা আয়োজন করে ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ’। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়া।
মোমেন বলেন, ‘‘দুর্নীতিতে টানা ৫ বারের চ্যাম্পিয়ন বাংলাদেশের ইমেজ ফিরিয়ে আনার জন্য কাজ করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ছয় বছর আমি সেই দায়িত্বটি পালনে সচেষ্ট ছিলাম।
‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে মর্যাদাসম্পন্ন ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার পেয়েছেন। এভাবেই বাংলাদেশ তৃতীয় বিশ্বের কাছে উন্নয়নের মডেল হিসেবে পরিণত হয়েছে।’’
বিদায়ী এই রাষ্ট্রদূত আরও বলেন, ‘‘বাংলাদেশে যা ঘটছে তা আমি জাতিসংঘে উপস্থাপন করেছি। এভাবেই বাংলাদেশ আপন মহিমায় জেগে উঠেছে, এতে আমার কোন কৃতিত্ব নেই। সবটুকু বাংলাদেশের খেটে খাওয়া মানুষ এবং তাদের নেত্রী শেখ হাসিনার।’’
প্রধানমন্ত্রীর কথা বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘সবকিছু সম্ভব হয়েছে এবং হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্বের কারণে।’’
৩০ অক্টোবর দায়িত্ব হস্তান্তর করে রাষ্ট্রদূত মোমেন ঢাকায় ফিরে যাবেন। এ প্রসঙ্গে মোমেন উল্লেখ করেন, ‘‘দীর্ঘ ৩৮ বছর পর স্থায়ীভাবে মাতৃভূমিতে ফিরছি। এটি আমার কাছে খুবই আনন্দের।’’
‘‘সবচেয়ে বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণে জীবনের শেষ সময় অতিবাহিত করার সৌভাগ্য হলো আমার।’’
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সন্দ্বীপ এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটির সভাপতি মুবাশ্বির হোসেন, ব্রুকলিন আওয়ামী লীগের নেতা ইসমত হক খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবার আগে বস্টনের ফ্রেমিংহ্যাম কলেজে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন এ কে এ মোমেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
