২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ‘বঙ্গবন্ধু বইমেলা’

‘বঙ্গবন্ধুকে জানুন, বাংলাদেশকে ভালোবাসুন’ এই স্লোগানে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী বঙ্গবন্ধু বইমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 06:00 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

রোববার পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের অক্সফোর্ড হাউসে এই বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বঙ্গবন্ধু সেন্টার, ইউরোপিয়ান কলেজ অব ল এবং সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের যৌথ আয়োজনে হচ্ছে এই বইমেলা।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, “জাতি হিসেবে বিশ্ব দরবারে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু। তার ডাকে সাড়া দিয়েই দলমত নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল।”

সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র নতুন কিছু নয়, এটি সেই পাকিস্তান আমল থেকেই হয়ে আসছে। কিন্তু বাস্তবতা হলো, কোন ব্যক্তিকে হত্যা করা গেলেও ইতিহাসকে হত্যা করা যায় না। ইতিহাসের শেকড় অনেক গভীরে প্রোথিত থাকে।”

যুগে যুগে বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এমন মন্তব্য করে অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংবাদিক ও কলামিস্ট এবং অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী বলেন, “সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই আমরা এগিয়ে গিয়েছি। এটিই বাঙালির ইতিহাস।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সেন্টারের পরিচালক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। সাংবাদিক বুলবুল হাসানের পরিচালনায় এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রফেসর লরেন্স ওয়াটসন, যুক্তারাজ্যে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

‘ধন ধান্য পুষ্প ভরা’ গানের ছন্দে উদীচীর শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইমেলার অন্যতম উদ্যোক্তা প্রশান্ত ভূষণ বড়ুয়া। আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার তানিয়া আমির, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক ও যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ প্রমুখ।

বইমেলার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। এতে অংশ নেওয়া শিশুদের পুরস্কার বিতরণ করতে গিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু আমাদের শক্তি, আমাদের প্রেরণা, আমাদের অস্তিত্ব। বাংলাদেশেকে এগিয়ে নিতে হলে তার আদর্শে অনুপ্রাণিত হয়েই কাজ করতে হবে।”

এবারের বইমেলায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রায় অর্ধসহস্র বই স্থান পেয়েছে। লন্ডনের ইলফোর্ড এলাকার  ইউরোপিয়ান কলেজ অব ল মিলনায়তনে মাসব্যাপী চলবে এই বঙ্গবন্ধু বইমেলা।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com