জাপানে ঈদ উদযাপন
জাপানে আজ মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
মধ্যপাচ্যের দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার দেশটির প্রায় শতাধিক স্থানে ঈদের জামাত হয়েছে।
সকাল ৯ টায় রাজধানী টোকিও টার্কিশ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও ওসাকা, সুকুবা, সায়তামা, চিবা, ফুকুশিমা, হিরোসিমা, কিয়েতো, তোহুকুসহ দেশটির বিভিন্ন স্থানে ঈদের জামাত হয়েছে।
দেশটির বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত ওসাকার ইবারাকি মসজিদে সকাল সাড়ে ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের দুই শতাধিক মুসলমান নামাজ পড়েছেন।
ঈদের খুৎবায় সারা বিশ্বে শান্তি কামনা করা হয়।
ওসাকা বিশ্ববিদ্যালয়ের বাঙালি শিক্ষার্থী গুলজার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাপানে এটি আমার পঞ্চম ঈদ। পরিবারের সবাইকে ছেড়ে ঈদ করার যে কষ্টটা তা হাড়ে হাড়ে অনুভব করি। এরপরও বাঙালিদের সাথে একত্রে জামাতে অংশগ্রহণ করতে পেরে কষ্টটা কিছুটা হলেও লাঘব হচ্ছে।”
রাজধানী টোকিওবাসী বাঙালি শিক্ষার্থী শাহাঙ্গীর বিশ্বাস বলেন, “সকাল ৯ টায় জামাত শেষে এখন আমরা বাঙালিদের বাড়ি বাড়ি ঘরছি। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়েছি যাতে সারাদিন মজা করে কাটাতে পারি।পরিবারের জন্য কষ্ট হচ্ছে।”
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
