২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জন্মদিনে যুক্তরাষ্ট্রে ‘আনন্দ সমাবেশ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ’ পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় তা উদযাপনে তার জম্মদিনে ‘আনন্দ সমাবেশ’ করবে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির সম্মিলিত জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 10:51 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

আগামী ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ অনুষ্ঠান হবে। গত রোববার সম্মিলিত জোটের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়।  

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টু্ঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বুধবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্র প্রবাসী ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জানানো হয়, ২৩ সেপ্টেম্বর রাতে জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হবে।

সভায় বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের সংকল্প ব্যক্ত করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে অবস্থানকালে বিএনপি-জামায়াত ইসলামীর যে কোনো ‘অপতৎপরতা’ রুখতে ৩৬৪ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

নিউ ইয়র্ক আওয়ামী লীগের উদ্যোগে গঠিত এই কমিটির আহ্বায়ক নূরনবী কমান্ডার। প্রধান সমন্বয়ক হিসাবে আছেন জাকারিয়া চৌধুরী এবং সদস্য সচিব ইমদাদ চৌধুরী।

‘যেখানে বিএনপি সেখানেই প্রতিরোধ’ কর্মসূচিকে সফল করতে সমন্বয় কমিটির সভায় বলা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগেও জামাত-শিবিরের এজেন্ট থাকতে পারে। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

২৩ সেপ্টেম্বর জেএফকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো, ২৭ ও ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ, ২৭ সেপ্টেম্বর হিলটন হোটেলে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা সফল করতে কাজ করবে এই কমিটি।