'প্রবাসে প্রত্যেকেই রাষ্ট্রদূত’
অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসে ‘এমআরপি’ এবং ‘এমআরভি’ সেবা চালু করা হয়েছে।
বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা(এমআরভি)দেওয়ার সেবা উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বর্তমান সরকারের নেওয়া জঙ্গি ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, “জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা করে চলছি। অপরাধী যেই হোক, যে দলেরই হোক তার রক্ষা নাই।
তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকারের নেওয়া কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত দিয়ে আরও বলেন, “আপনাদের সব ধরনের সমস্যা সমাধানে আমাদের সরকার সব কিছু করছে এবং করবে।”
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, “বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরতামুক্ত, উদার ও গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টায় প্রবাসী বাঙালিদের আন্তরিক অংশগ্রহণই কেবল সফলতা এনে দিতে পারে।”
তিনি আরও বলেন, “প্রবাসে আপনারা প্রত্যেকেই রাষ্ট্রদূত। আপনাদের আচার-আচরণ, কর্মকাণ্ডর মধ্য দিয়েই বাংলাদেশের ভাবমূর্তি বিদেশীদের কাছে ফুটে উঠে।”
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বক্তব্যের শেষ পর্যায়ে নিজের লেখা দু'টি কবিতা আবৃত্তি করে শোনান।
ভিয়েনার হউফসাইলের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এই অনুষ্ঠানে সভাপতিত্বকারী রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, “অষ্ট্রিয়া প্রবাসীরা যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সেবা দেয়ার জন্যই আমরা এখানে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমআরপি এবং এমআরভি প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, মুক্তিযোদ্ধ আব্দুর রহিম, মুক্তিযোদ্ধ রবিউল হাসান চৌধুরী, আকতার হোসেন, সামছুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইমরুল কায়েস প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অষ্ট্রিয়া প্রবাসী কয়েকজনের হাতে এমআরপি তুলে দেন মন্ত্রীদ্বয়।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
