২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আওয়ামী লীগেও সংখ্যালঘুদের সমানুপাতিক প্রতিনিধিত্ব নেই’

নিউ ইয়র্কে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত অভিযোগ করেছেন, বর্তমানে ক্ষমতাসীন দলে ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব সমানুপাতিক হারে নেই।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 02:08 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার নিউ ইয়র্কের লা গোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সম্মেলনের উদ্বোধন করেন কানুতোষ মজুমদার।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, “ধর্ম মন্ত্রণালয়ের জন্যে বাজেট রাখা হয়েছে ১৬২ কোটি টাকা। এর মধ্যে মাত্র দুই কোটি টাকা হচ্ছে হিন্দুদের জন্য এক কোটি বৌদ্ধ এবং ৮০ লাখ টাকা বরাদ্দ রয়েছে খ্রিস্টানদের জন্য জন্য। এই হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি।”

তিনি আরও উল্লেখ করেন, “ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয় সরকারী টাকায়, অপরদিকে হিন্দু ফাউন্ডেশন চলে ট্রাস্টের অর্থাৎ সুদের টাকায়।” 

হতাশার সুরে তিনি বলেন “শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ভালোভাবে দিন কাটাবে বলে আশা করেছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রেই সে প্রত্যাশার প্রতিফলন ঘটছে না।”

আর ক্ষমতাসীন দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিএনপির কথা বাদই দিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ধর্মীয় সংখ্যালঘুদের সম্মানজনক প্রতিনিধিত্ব নেই। স্থানীয় এবং জাতীয় পর্যায়ের নির্বাচনের সময়েও ধর্মীয় সংখ্যালঘুরা সমানুপাতিক হারে মনোনয়ন পান না।”

সংখ্যালঘু সম্প্রদায়ের নারীরা দ্বিগুণ নির্যাতনের শিকার এমন কথা উল্লেখ করে বিশেষ অতিথি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নারী শাখার সাধারণ সম্পাদক প্রিয়া সাহা বলেন, “এমনিতেই বাংলাদেশের নারীরা নানাভাবে নিগৃহীত হন। তার উপর হিন্দু হিসেবে আরও বেশি নিষ্ঠুর আচরণের শিকার হচ্ছেন। আশা করছি, সকলের শুভবুদ্ধির উদয় হবে।”  

আলোচনার পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এর সভাপতি হয়েছেন নয়ন বড়ুয়া এবং জেমস রয়। সাধারণ সম্পাদক হয়েছেন স্বপন দাস। সভাপতির একটি পদ এখনও পূরণ হয়নি। শীঘ্রই তা পূরণ করা হবে বলে জানান সম্মেলনের আহবায়ক অ্যাটর্নি অশোক কর্মকারের।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com