২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে সংবর্ধনার প্রস্তুতি সভা স্থগিতে যুক্তরাষ্ট্র আ. লীগে ক্ষোভ

‘যেখানে বিএনপি-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি সভা হঠাৎ করেই স্থগিত করায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 12:27 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

প্রস্তুতি সভা উপলক্ষে সোমবার বিকালে নিউ ইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সহ-সভাপতি মাহবুবুর রহমান ও জয়নাল আবদীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুনও উপস্থিত ছিলেন।

তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান সেখানে যাননি। সে সময় তিনি নিউ ইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে একটি রেস্তোরাঁয় ছিলেন বলে সভায় জানানো হয়। সভাপতি সিদ্দিকুর আগের দিন দুপুরে এই সভা স্থগিতের ঘোষণা দিয়েছেন বলেও সেখানে জানানো হয়। এ খবরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ উপস্থিতরা নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ১ অক্টোবর পর্যন্ত তার নিউ ইয়র্কে অবস্থানের কথা রয়েছে। এ সময় প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে।

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউ ইয়র্কে সংবর্ধনার প্রস্তুতি সভা উপলক্ষে সোমবার নিউ ইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে সমবেত হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউ ইয়র্কে সংবর্ধনার প্রস্তুতি সভা উপলক্ষে সোমবার নিউ ইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে সমবেত হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

প্রধানমন্ত্রীর আগমনের সময় বিমানবন্দর, জাতিসংঘের সামনে ও প্রধানমন্ত্রীর হোটেলের বাইরে বিএনপি-জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিক্ষোভের যে কর্মসূচি দেওয়া হয়েছে তা প্রতিহতের কর্মকৌশল ঠিক করতে আওয়ামী লীগ এ প্রস্তুতি সভার ঘোষণা দেয়।

সভাপতি না আসায় মঞ্চে আসন না নিয়ে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান উপস্থিত নেতা-কর্মীদের বলেন, সভাপতি তাকে না জানিয়ে ও কোনো ধরনের পরামর্শ ছাড়াই সভা স্থগিতের সিদ্ধান্ত নেন।

“সভা স্থগিতের যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে তা সাংগঠনিক রীতি অনুযায়ী হয়নি।”

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর সর্বশেষ সফরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিক্ষোভের প্রসঙ্গ টেনে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী বলেন, “লন্ডনে ঘটে যাওয়া পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে এখানে না হয় সেই কারণে আমরা সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে প্রস্তুতি বৈঠক করতে চেয়েছিলাম।”

যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, “কয়েক মাস আগে নিউ ইয়র্ক সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদকে সংবর্ধনা দেওয়ার জন্যে গঠিত কমিটিতে আল-বদর এবং বিএনপির এক নেতাকে রাখা হয়েছিল। রাষ্ট্রপতি সে অনুষ্ঠানে যাননি। প্রতিবাদ করার কারণে ড. সিদ্দিকুর রহমান আমাকে আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে আসতে নিষেধ করেছেন।”

Image
যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম এ বাতেন বলেন, “রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়ার কমিটিতে রাজাকার আল-বদর আর শিবিরের লোকজন থাকায় আমরা নিন্দা ও প্রতিবাদ করার কারণেই ড. সিদ্দিকুর রহমান তার অনুগত কয়েকজনকে দিয়ে মুক্তিযোদ্ধা সংসদের পাল্টা কমিটি করেছেন।”

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী অভিযোগ করে বলেন, “স্বেচ্ছাসেবক লীগের মত যুক্তরাষ্ট্র যুবলীগ, মহিলা লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, শ্রমিক লীগেও পাল্টা কমিটি হয়েছে ড. সিদ্দিকুর রহমানের মদদে। একইভাবে জননেত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরের সময় বিএনপি-জামাত-শিবিরের কর্মসূচির সমর্থনেই কাজ করছেন আওয়ামী লীগে নবাগত এই সিদ্দিকুর রহমান।”

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের নেতা আতিকুর রহমান বলেন, “কর্মীদের সমর্থন ছাড়া নেতা হওয়া যায় না। কর্মীদের প্রশ্নবাণে জর্জরিত হবার ভয়ে যারা প্রস্তুতি সভা স্থগিত করেন তাদের নেতৃত্বে আওয়ামী লীগের মত দল চলবে কী করে?”

রশীদ বখত নজরুল, বজলুর রহমান বজলু, ইমদাদ চৌধুরী, মোহাম্মদ হানিফ, মো. আব্দুল কাদের মিয়াসহ আরও অনেকে সভাপতি সিদ্দিকুর রহমানের সমালোচনা করে বক্তব্য দেন।