হাওয়াইয়ের মিঠে হাওয়ায়
নীল আকাশ, স্বচ্ছ সাগরের পানি, ঝিরঝির বাতাসে কাঁপা নারকেল পাতা আর আনন্দময় উচ্ছল জীবন– এসব মিলিয়েই হাওয়াই দ্বীপপুঞ্জ, পলিনেশিয়ান দ্বীপপুঞ্জগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত নামের একটি।
নলুলু বিমানবন্দরে ‘খিটখিটে’ ইমিগ্রেশন অফিসার পাসপোর্টে সিল মেরে গোমড়া মুখে একটু ‘কষ্টের’ হাসি ফুটিয়ে বললেন, ‘আলোহা’! হাসিমুখে প্রত্যুত্তর বললাম ‘আলোহা’। হাওয়াইয়ান ভাষায় এই শব্দের অর্থ ‘হ্যালো’, তবে ‘বিদায়’ও বলা হয় একই শব্দে। এরপরই পা রাখলাম হাওয়াইয়ের মাটিতে।
ছেলেবেলা থেকেই কোন এক অকারণ কারণে আমার কল্পনায় ছিল হাওয়াই ভ্রমণ। পিএইচডি করতে জাপানের ইয়োকোহামায় আসার পর হঠাৎই মিলে গেল সুযোগটা। একটি বিজ্ঞান সম্মেলনে যোগ দেবার সুযোগ পেয়ে হাতছাড়া করলাম না। আমার জাপানি অধ্যাপক এখানে আগেও এসেছেন।
উনিই বলেছিলেন, হাওয়াইয়ে নামার সঙ্গে সঙ্গেই বাতাসে মিষ্টি এক গন্ধ পাবে। সত্যিই মনে হল, কেমন এক মন ভালো করা মিঠে বাতাস বইছে। পরিবেশ, আবহাওয়া আর আশেপাশে জাপানিদের আনাগোনার কারণে আমেরিকায় এসেছি, এটা মনেই হল না । হাওয়াইয়ের অধিবাসীদের প্রায় কুড়ি শতাংশই আসলে জাপানি। বরং প্রকৃতিতে যেন পেলাম বাংলাদেশের ছোঁয়া! বটগাছের ঝুরি আর গুলঞ্চ, রক্তজবা ফুলের গাছে শালিক-চড়ুইয়ের নাচানাচি দেখে দেশের কথা আরও বেশি মনে পড়তে লাগলো।
আমি এসেছি হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী হনলুলুতে, ‘ঐতিহাসিক’ পার্ল হারবার আক্রমণ হয়েছিল এখানেই। হোটেলের খুব কাছেই সাদা বালির সমুদ্র সৈকত খ্যাত ওয়াইকিকি সি বিচ। পানি এতোই নীল যে মনে হয় কলমের কালি হিসেবে ব্যবহার করা যাবে!
পাহাড়, আকাশ আর সমুদ্র মিলে অসাধারণ ছবি তৈরি করছে ক্ষণে ক্ষণে। সৈকতে ঘোরাঘুরি আর ছবি তোলার পর পায়ে হেঁটে শহর ঘুরলাম প্রথম দিনটা। সবকিছুতেই রঙের ছড়াছড়ি। সবার পরনে রঙিন পোশাক, মেয়েদের মাথায় ফুল গোঁজা, গলায় মালা। রঙ-বেরঙের টুরিস্ট বাসগুলো রাস্তাজুড়ে ছুটে বেড়াচ্ছে। হইচই আর আনন্দে মেতে আছে মানুষজন।
দেখতে দেখতে সাতটা দিন যেন স্বপ্নের মতো কেটে গেল। সম্মেলনে দেশ-বিদেশের নামকরা বিজ্ঞানীদের সান্নিধ্যের পাশাপাশি জুটল আরও নানা অভিজ্ঞতা। হাওয়াইয়ান খাবার, কোনা কফির স্বাদ নিলাম। হাওয়াইয়ান গিটারের সঙ্গে ঐতিহ্যবাহী হুলা নাচ আরমেলে গান উপভোগ করলাম। গাছের ছাল থেকে তৈরি টাপা কাপড়ের জামা দেখলাম নেড়েচেড়ে। ইউএস আর্মি মিউজিয়ামে ঢুকে দেখতে পেলাম হাওয়াইয়ের ইতিহাসের নানা স্মারক। বিশেষ করে মন টানল পার্ল হারবার আক্রমণকারী জাপানি যুদ্ধবিমানের খণ্ডাংশ আর কোকাকোলার ক্যান দিয়ে তৈরি করা ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত হাতে বানানো হ্যান্ড গ্রেনেড।
জাপানে ফিরে যাবার সময় মন খারাপ হল।
ওয়াইকিকি বিচের সাদা বালিতে পা ডুবিয়ে হাঁটা, সাগরের বুক চিরে তৈরি করা কিলোমিটারখানেক লম্বা বাঁধানো পথের শেষ মাথায় গিয়ে সাগর আর আকাশের নীলে একাকার হওয়া, হাওয়াইয়ান তরুণীর হাসিমুখের সাদর সম্ভাষণ আর বিদায়বেলায় অচেনা এক বৃদ্ধের শুভ কামনা, ‘মাহালো’– সব ছাপিয়ে স্মৃতিতে রইল হাওয়াইয়ের মিঠে হাওয়ার সেই সুগন্ধ!
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
