জেদ্দায় প্রথম ফ্লাইটের হজযাত্রীরা
সকালে ঢাকা ছাড়ার পর সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন প্রথম ফ্লাইটের হজযাত্রীরা।
জেদ্দার স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ১০মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১০ মিনিট) ৪১৮ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম, কনসাল-হজ আসাদুজ্জামান এবং সৌদি হজ মন্ত্রণালয়ের জেদ্দার মহাপরিচালক আবদুল্লাহ আল মারগালানি বিমানবন্দরে হাজযাত্রীদের অভ্যর্থনা জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দার আঞ্চলিক ব্যবস্থাপক আবু তাহের এবং সৌদি সরকারের কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
হজের জন্য সড়কপথে ৭০ কিলোমিটার দূরে মক্কায় যাবেন হজযাত্রীরা। সেখানে তাদের নির্ধারিত আবাসনে পৌঁছে দেবেন বাংলাদেশ হজ মিশনের প্রতিনিধিরা।
চলতিবছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে সৌদি আরবে আসবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৬০০ এবং ৯৯ হাজার ১৫৮ জন আসবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
দূতাবাসের কনসাল-হজ আসাদুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশ থেকে আগতদের জন্য ইতোমধ্যে বাড়ি ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ থেকে একটি মেডিকেল টিম আসছে।
সৌদি আরবে উচ্চ তাপমাত্রার কারণে সবাইকে পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
