বঙ্গবন্ধুকে স্মরণ দেশে দেশে
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে তাকে স্মরণ করা হয়েছে কয়েকটি দেশে, নানা কর্মসূচিতে।
রাজধানী ম্যানিলায় ১৫ই অগাস্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সভায় রাষ্ট্রদূত জন গোমেজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। ম্যানিলায় অবস্থানরত প্রবাসীরা অংশ নেন এই সভায়।উপস্থিত অনেককেই কালো ব্যাজ পরিধান করতে দেখা যায়।
প্যারিসের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধনমিত রাখা হয়। পরে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত স্বজনদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বানী পাঠ ও বিশেষ প্রার্থনাও করা হয়।
রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার, বেনজির আহমেদ সেলিম, মোঃ আবুল কাশেম, নাজিমুদ্দিন আহমেদ, এনামুল হক, আব্দুল্লাহ-আল-বাকী, ওয়াহিদ তাহের, এম এ কাশেম,মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, দেলোয়ার হোসেন কয়েছ, অপু আলম প্রমুখ।
রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবসে ছিল আলোচনা সভা, চলচ্চিত্র ও পোস্টার প্রর্দশনের মত কর্মসূচি।
শুরুতে রাষ্ট্রদূত মসূদ মান্নান পতাকা অর্ধনমিত করেন এবং বঙ্গবন্ধুর সম্মান এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাষ্ট্রদূত বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙ্গালি জাতি ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানিদের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করে এবং আমরা আমাদের কাঙ্খিত স্বাধীনতা লাভ করি।”
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর নির্মিত প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
রাজধানী কলম্বোর বাংলাদেশ হাই কমিশনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকীর কর্মসূচিতে ছিল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, এক মিনিট নীরবতা পালন, পবিত্র গ্রন্থাবলী থেকে পাঠ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রীয় নেতৃবৃন্দের বাণী পাঠ, আলোচনা সভা, প্রার্থনা ও বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শনী। শ্রীলংকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এবং দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এই শোকের আয়োজনে।
১৫ অগাস্টের জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান আলোচকরা। এছাড়াও বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন তারা।
হাই কমিশনার তারিক আহসান বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকরা তার আদর্শকে ধ্বংস করতে পারেনি।” তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর মূল আদর্শ ও রূপকল্পকে অনুসরণের মাধ্যমেই আজকের বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম, উন্নয়নের মডেল উদ্ভাবন, উদারনীতি, নিরস্ত্রীকরনের মত ক্ষেত্রে অবদান রেখে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে।
১৫ অগাস্ট শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় দিবসের কর্মসূচি। দূতাবাস প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হাই কমিশনার মো: শহিদুল ইসলাম।
এরপর মালয়েশিয়া আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছসেবক লীগ, শ্রমিকলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, ছাত্রলীগ, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
আলোচনা সভায় হাই কমিশনার মো: শহিদুল ইসলাম বলেন, “১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে সপরিবারে প্রাণ হারান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে আমরা আজ তাদের স্মরণ করছি।”
মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক আনার কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান হাই কমিশনার।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
(এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ফিলিপাইনের ম্যানিলা থেকে আহমদ তামিম ও ফ্রান্সের প্যারিস থেকে দেবেশ বড়ুয়া।)
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
