২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে শোক দিবস পালন

নানা কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 03:20 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের শোক সমাবেশে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন।

তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

“বাংলাদেশের মানুষকে আজ বিশ্বব্যাপী সম্মান দেখানো হয়। জাতিসংঘের প্রতিটি ফোরামে আমাদের গুরুত্ব অপরিসীম। এটি সম্ভব হচ্ছে শুধু বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি সাধন করেছে।”

দলাদলি, হানাহানি এবং সন্ত্রাস-রাহাজানির বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার থাকার আহ্বানও জানান কূটনীতিক মোমেন।

শুক্রবার রাতে ব্রুকলিনের একটি মিলনায়তনে এই শোক সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া।

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, উপদেষ্টা এন আমিন সভায় বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল কালাম আজাদ ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, আওয়ামী লীগ নেতা আকতার আহমেদ চৌধুরী, মোস্তফা কামাল পাশা, কামাল পাশা মানিক, আশরাফউদ্দিন সভায় বক্তব্য দেন।

সভার শুরুতে হাফেজ মাহবুবুর রহমানের নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়।