একাত্তরে একজন নারীও রাজাকার হয়নি: এইচ টি ইমাম
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারীদের ত্যাগের তুলনা হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।
রোববার বিকালে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সুধী সমাবেশে তিনি বলেন, “নিজেদের জীবন বিপন্ন জেনেও তারা মুক্তিবাহিনীকে খাবার দিয়েছেন, সমূহ বিপদের সময় আঁচলের নিচে ঠাঁই দিতেও কার্পণ্য করেননি।
“সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের মহান মুক্তিযুদ্ধে একজন নারী রাজাকারও খুঁজে পাওয়া যায়নি। নারী মুক্তিযোদ্ধা ছিলেন অসংখ্য।”
বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম সমাবেশে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, “অনেকে এম এ জি ওসমানীকে মুক্তিযুদ্ধের সুপ্রিম কমান্ডার হিসেবে অভিহিত করে থাকেন। এটি সত্য নয়। প্রকৃত সত্য হচ্ছে জেনারেল এম এ জি ওসমানী ছিলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং সুপ্রিম কমান্ডার ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব।
নিউ ইয়র্কে নিজের লেখা দুটি বইয়ের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীতে নিউ ইয়র্কে অলোচনা সভায় দোয়া করা হয়।
বাঙালি কর্মকর্তা-কর্মচারীদের মুক্তিযুদ্ধে অবদানের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পরই দেশের প্রশাসন মুক্তিযুদ্ধের পক্ষে কাজ শুরু করে।”
এইচ টি ইমাম তার লেখা ‘বাংলাদেশ সরকার ১৯৭১’ এবং ‘বাংলাদেশ সরকার ১৯৭১-১৯৭৫’ বইয়ের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
সমাবেশে স্বাগত বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বলেন, “যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ার কাজ সুন্দরভাবে শুরু করেছিলেন জাতির পিতা। কিন্তু অনেকে সেটি উল্লেখ করেন না। শুধু নেগেটিভ প্রচারণা চালানো হয়েছে সে সময়। যারা স্বাধীনতা চায়নি, তাদের দ্বারা এখনও নেতিবাচক প্রচারণা চলছে।”
সন্ধ্যায় শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায়ও বক্তব্য রাখেন এইচ টি ইমাম।
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এনামুল হক।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন, নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ সভায় বক্তব্য রাখেন।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
