তাপদাহে ‘পুড়ছে’ জাপান
এই গ্রীষ্মে জাপানে তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
গত আট দিন ধরে জাপানের গড় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামায় এখানকার জনজীবনে অনেকটা স্থবিরতা নেমে এসেছে।
প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে লোকজন বের হচ্ছেন না। তাপমাত্রা বেড়ে যাওয়ায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে চলতি গ্রীষ্মে ২৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্থানীয় ফুজি টেলিভিশনের এক খবরে বলা হয়েছে।
গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া অসহনীয় এই অবস্থাকে ‘দুর্যোগময়’ বলে জাপানিরা আখ্যায়িত করছেন।
টানা আট দিন ধরে তাপদাহ এবারই প্রথম বলে স্থানীয় অধিবাসীদের কয়েকজন জানিয়েছেন।
বুধবার বিভিন্ন প্রদেশে তাপমাত্রা ছিল এ রকম- ইবারাকিতে ৩৮ ডিগ্রি, গিফুতে ৩৭, অচিতে ৩৮, নিশোতোশিতে ৩৭ ও গুনমাতে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর বলেছে, অস্বাভাবিক তাপমাত্রার কারণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে ১০ হাজারেরও বেশি নাগরিক তাপদাহের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, জাপানের রাজধানী টোকিওতে গত এক সপ্তাহে ১ হাজাররেও বেশি মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আর অচি প্রদেশে এই সংখ্যা প্রায় হাজারের কাছে।
বয়স্কদের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার জন্য অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
ইবারাকিসির অধিবাসী রহিও ইশিদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাতে ঘরে থাকতে খুব কষ্ট হচ্ছে।”
মঙ্গলবার একটি শীতাতপ যন্ত্র কিনেছেন বলে জানান তিনি।
ওসাকা বিশ্ববিদ্যালয়ের বাঙালি শিক্ষার্থী অসীম কুমার বলেন, “সকালে সূর্য উঠার পর রোদের প্রখরতা ভয়ানক পরিবেশ তৈরি করছে। বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের তীব্রতাও বেশি অনুভূত হচ্ছে।”
“আমি গত পাঁচ বছর ধরে ওসাকা শহরে থাকছি, কিন্তু যেভাবে এই বছর তাপমাত্রা বেড়েছে তা আগে কখনো দেখিনি।”
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
