‘বাংলাদেশের লুটের টাকা বিদেশে পাচার হচ্ছে’
বাংলাদেশের লুটপাটের টাকা পাচার হয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ বিভিন্ন দেশে আসছে বলে মন্তব্য করেছেন অর্থনীতির অধ্যাপক আনু মোহাম্মদ।
সোমবার সন্ধ্যায় কানাডার টরন্টোর বাংলা টাউন ডেনফোর্থের রেডহট তন্দুরি হাউজে প্রবাসীদের এক সভায় কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুমন সাইয়েদ ও বিন্দু চৌধুরী। আলোচকদের বক্তব্য শেষে অধ্যাপক আনু মোহাম্মদ উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, আশির দশকে বাংলাদেশের রাজনীতি এবং ক্ষমতা কাঠামোতে দুর্নীতি ও ধর্মের ব্যবহার শুরু হয়।
“সামরিক শাসকরা দুর্নীতি ঢাকতে ধর্মকে রাজনীতিতে টেনে আনেন। নির্বাচিত সরকারগুলোও সেই পথই অনুসরণ করেছে।”
প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের সেবা করার জন্য, দেশের উন্নয়নের জন্য দেশেই ফিরে যেতে হবে-এমন কোনো কথা নেই। প্রবাসে থেকেও দেশের সেবা করা যায়।”
এসময় তিনি লুটেরা-পাচারকারীদের ব্যাপারে সতর্ক থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা।
আওয়ামী লীগ-বিএনপির বাইরে তৃতীয় কোনো রাজনৈতিক শক্তি গড়ে তোলা সম্ভব হচ্ছে না কেন?- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে কোনো ধারার মূল বক্তব্যটি জনগণের কাছে গ্রহনযোগ্য ও বিশ্বাসযোগ্য বিবেচিত না হলে জনগণ তার উপর আস্থা রাখতে পারে না। জনগণের আস্থাই হল আসল শক্তি।
“যারা তৃতীয় শক্তি বা ধারার কথা বলেন তাদের আবেদন বা মূল বক্তব্য জনগণের আস্থা অর্জন করতে পারে না বলেই সেগুলো শক্তিতে রূপান্তরিত হতে পারে না। জনগণের সত্যিকারের দাবির প্রতিফলন না ঘটলে সেই বক্তব্যের প্রতি জনগণের আস্থা স্থাপিত হয় না।”
ফুলবাড়ী আন্দোলনের উদাহরণ টেনে আনু মোহাম্মদ বলেন, “ওই সময় প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা এই আন্দোলনের বিপক্ষে অথবা নিষ্ক্রিয় ছিলেন। কিন্তু নেতাদের উপেক্ষা করে সবকটি বড় দলের কর্মীরাই সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন।
“নেতাদের দাবি আর কর্মীদের দাবির মধ্যে পার্থক্য আছে। কর্মীরা তাদের নিজেদের দাবির পক্ষে রাস্তায় নেমে পড়েছিলেন।”
বর্তমানের বাম রাজনীতির আলোচনায়ও এই উদাহরণটি প্রাসঙ্গিক বলে মনে করেন তিনি।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
