যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী
কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য ছাড়া এবার ‘ঈদ পুনর্মিলনী’ করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
রোববার নিউ ইয়র্কের পালকি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিতরা শুধু ঈদের শুভেচ্ছামূলক বক্তব্য দিয়েই ক্ষান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন।
অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধ থাকায় অতিথিদের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও নবগঠিত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকনকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধ করা প্রসঙ্গে পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আকতার হোসেন বলেন, “রাজনীতি মিশে রয়েছে সারা শরীরে। সব সময় রাজনীতির মধ্যেই সকলে ডুবে রয়েছি। তাই ঈদের এই অনুষ্ঠান কেবল শুভেচ্ছা বিনিময়ের মধ্যে রাখতে চেয়েছি এবং সবাই তা উপভোগও করেছেন।”
সমাপনী বক্তব্যে আকতার হোসেন আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন শেখ হাসিনা।
অনুষ্ঠানের শেষে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বশারত আলী, মাহবুবুর রহমান, সামসুদ্দীন আজাদ ও লুৎফুল কবীর, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও আইরীন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব হাসনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কোষাধ্যক্ষ মনসুর খান, মহিলা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার দীবা এবং উপদেষ্টা ডা. মাসুদুল হাসান অনুষ্ঠানে অংশ নেন।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
