Published : 10 Jul 2024, 04:22 PM
যুক্তরাজ্যের লন্ডনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন প্রবাসীরা।
রোববার পূর্ব লন্ডনের মেফেয়ার হলে পঞ্চমবারের মতো এ আয়োজন করে প্রবাসীদের সংগঠন ‘গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন ইউকে’ (জিসিএ)।
সাদা ভাত, গরুর মাংস আর ডালের এই ভোজ আয়োজন হয়ে উঠেছিল উৎসবমুখর। দুপুর থেকে রাত পর্যন্ত এতে প্রায় ৩ হাজার প্রবাসী অংশ নেন। লন্ডনের আশপাশের শহরসহ স্কটল্যান্ড, ম্যানচেস্টার ও বার্মিংহামের মতো দূরের শহরগুলো থেকেও অনেকে ছুটে আসেন।
আয়োজকরা বলেন, “এবারের মেজবানে খাবার পরিবেশনের কক্ষের পেছনের দরজায় ছিল ভোজন রসিকদের দীর্ঘ লাইন। এক ব্যাচ খেয়ে সামনের দরজা দিয়ে বের হচ্ছেন। আর পেছন দরজা দিয়ে ঢুকছেন আরেক ব্যাচ। মেজবানের চিরাচরিত টেবিল দখলের দৃশ্যও এখানে বাদ যায়নি। পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে বসতে টেবিল দখলের প্রচেষ্টাও ছিল লক্ষণীয়।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, “যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে এই মেজবানের আয়োজন। চট্টগ্রামবাসীসহ অন্যান্য জেলার লোকদের মধ্যে এবারের মেজবান যে সাড়া ফেলেছে, তাতে ভিড় সামলাতে হয়তো ভবিষ্যতে খোলা কোনো মাঠে এই আয়োজন করতে হবে।”
মেজবান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সভাপতি আখতারুল আলম এবং সাধারণ সম্পাদক ওসমান মাহমুদ ফয়সাল।
বক্তব্য দেন বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, ১০৪ বছর বয়স্ক চ্যারিটি ফান্ড রেইজার দবিরুল ইসলাম চৌধুরী, মাহি জলিল, বাংলাদেশ হাই কমিশনের পক্ষে ইসমাঈল হোসেন, সাবেক সভাপতি ইসহাক চৌধুরী, নাজিম উদ্দিন, আলমগীর অপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনী, আতাউল্লাহ ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শওকত মাহমুদ টিপু ও জাগির আলম।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মীর রাশেদ আহমেদ, আরশাদ মালেক,আলী রেজা, রাজ্জাকুল হায়দার বাপ্পী, হাসান আনোয়ার, টিংকু চৌধুরী, অনুপম সাহা, আবু রায়হান শাকিল, আসমা আলম, ফয়সাল আনোয়ার, শেখ নাছের, ইব্রাহিম জাহান, মোরশেদ, মোহাম্মদ ইসলাম ও ফসি উদ্দিন।