০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিঁড়ি থেকে পড়ে আহত, ১৩ দিন পর মারা গেলেন আবুধাবি প্রবাসী

ভাগ্য বদলের আশায় তিন বছর আগে আমিরাতে পাড়ি জমিয়েছিলেন তিনি।

সিঁড়ি থেকে পড়ে আহত, ১৩ দিন পর মারা গেলেন আবুধাবি প্রবাসী
জামশেদুল ইসলাম (২৫)

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপ্পি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 10:09 AM

Updated : 19 Sep 2026, 02:29 PM

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে কর্মস্থলে দুর্ঘটনায় আহত হয়ে ১৩ দিন মৃত্যুর বিরুদ্ধে লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি এক তরুণ। 

নিহত জামশেদুল ইসলামের (২৫) বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে। পিতার নাম মোহাম্মদ নজরুল ইসলাম।

শনিবার বিকেলে আল আইনের জিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী ও দুবাই প্রবাসী আমির উদ্দিন বাদশাহ জানান, গত ১৬ অগাস্ট আবুধাবির শিল্পনগরী মুসাফফাহ থেকে আল আইন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে যান জামশেদুল। সেখানে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। 

সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৩ দিন কোমায় থাকার পর মারা যান তিনি।

নিহতের ভাগিনা মোহাম্মদ জোবায়েদ জানান, পরিবারের ভাগ্য বদলের আশায় তিন বছর আগে আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন জামশেদুল। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। 

বর্তমানে জামশেদুলের লাশ আল আইন জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া লাশ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।