Published : 15 Jan 2024, 08:20 PM
‘বিশ্বজোড়া আবৃত্তিশিল্পীদের মুখপত্র’ স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাত্রা করলো আবৃত্তিশিল্পীদের ওয়েবসাইট ‘নান্দনিক’।
এ উপলক্ষ্যে শনিবার নিউ ইয়র্কের উডসাইডে একটি মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করেন এর উদ্যোক্তারা।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিল্পী ক্রিস্টিনা লিপি রোজারিও, সুতপা মণ্ডল, তাহরিনা পারভীন প্রীতি ও নাসিম বানু চাপার সঙ্গে উপস্থিত সবাই এতে কণ্ঠ মেলান।
তারপর ওয়েবসাইটের সম্পাদক ও প্রকাশক শুক্লা রায় মঞ্চে এসে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন দিক তুলে ধরেন।
শুক্লা রায় বলেন, “কেবল আবৃত্তিশিল্পীদের জন্য এই ওয়েবসাইটটি নির্মাণ করা হয়েছে। এতে বিষয়বৈচিত্র্য আছে, আর সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে সবকিছু। সামনের দিনগুলোয় এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আবৃত্তিশিল্পীদের মধ্যে সংযোগ সেতু তৈরির জন্য কাজ করবে নান্দনিক।”
অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান কবি নির্মলেন্দু গুণ ও আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানান সাহিত্য একাডেমি নিউ ইয়র্কের পরিচালক মোশারফ হোসেন, মিনহাজ আহমেদ শাম্মু, সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা সাগর লোহানী, চন্দন সেনগুপ্ত, প্যাট্টিক রোজারিও ও কবি বেনজীর শিকদার।
কবিতা আবৃত্তি করেন শিরীন বকুল, আবির আলমগীর, গোপন সাহা, সীতেশ ধর, ক্লারা রোজারিও, সাবিনা নীরু, শান্তা শ্রাবনী, এজাজ আলম, সেমন্তী ওয়াহেদ, সুমন শামসুদ্দীন, তাহরিনা পারভীন প্রীতি, পারভীন সুলতানা এবং দুই শিশুশিল্পী রাবিয়া সাবির ও আজমাইন স্বপ্নীল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম আল আমিন।