আবুধাবিতে এসি মেরামত করতে গিয়ে প্রবাসীর মৃত্যু
দেশে তার স্ত্রী ও ৩ শিশুসন্তান রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিজ বাসায় এয়ারকন্ডিশনার (এসি) মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী মারা গেছেন।
মামুনুর রশীদ (৩৬) নামে এ বাংলাদেশির বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে, তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছোট ছেলে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে আবুধাবির বানিয়াস টাউনশিপের আল শোয়ামাখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই আরেক প্রবাসী মাহবুবুর রশীদ জানান, মামুন গত দেড় দশকেরও বেশি সময় ধরে আবুধাবিতে বসবাস করছিলেন। পেশায় তিনি একজন নির্মাণ ও আবাসন ব্যবসায়ী।
মাহবুব বলেন, “ওইদিন সন্ধ্যায় মামুনের বাসার এসিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি নিজেই তা সারানোর চেষ্টা করছিলেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সেসময় রুমে অন্য কেউ ছিলেন না।”
দুর্ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর মাহবুব কাজ শেষে রুমে ফিরে মামুনকে মেঝেতে উপুড় হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার হাত, মুখ ও বুক ঝলসে কালো হয়ে গিয়েছিল।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাফরাক বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাহবুব জানান, দেশে মামুনের স্ত্রী, ৭ বছর বয়সি এক ছেলে এবং ১২ ও ৩ বছর বয়সি দুই মেয়ে রয়েছে। বর্তমানে লাশ বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে।
প্রয়োজনীয় আইনি তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
