একাত্তরে পরাজিতদের ক্ষমতায় না আনার আহ্বান মালয়েশিয়া আ. লীগের
পরাজিতরা 'দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্রে লিপ্ত' বলে অভিযোগ করেন তারা।
একাত্তরের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিকে ক্ষমতায় না আনার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো।
বিজয় দিবস উপলক্ষ্যে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে এ আহ্বান জানান তারা।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা শওকত হেসেন পান্না।
তিনি বলেন, “একাত্তরের পরাজিত শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সজাগ থাকতে হবে।”
পান্না বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।”
মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হক জোসেফের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জ্যেষ্ঠ সহ সভাপতি কামরুজ্জামান কামাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের কাউন্সেলর জিএম রাসেল রানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ, সহ সভাপতি রাশেদ বাদল, সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি হুমায়ূন কবির, আক্তার হোসেন, সহ সভাপতি জালাল উদ্দীন সেলিম, মনির বিন আমজাদ, আবদুর রউফ রিটন, প্রচার সম্পাদক আবদুল বাতেন, কামাল হোসেন, জাকির হোসেন, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল, জহিরুল ইসলাম, রানা কাজি, আবদুল হাকিম ভূঁইয়া ও আপেল মাহমুদ।
