সাংবাদিকদের কাজ ও জীবন সুরক্ষায় আইন প্রণয়নের দাবি
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে এ সভা করেন কুয়েত প্রবাসী সাংবাদিকরা।
বাংলাদেশে সাংবাদিকদের কাজ ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবি জানিয়েছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত’।
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ‘সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার’ দাবিতে আয়োজিত এক সভা থেকে এ মত দেন সাংবাদিক নেতারা।
শনিবার কুয়েতের আব্বাসিয়ায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তারা।
বক্তারা বলেন, নাদিম হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের কাজ ও জীবন সুরক্ষায় আলাদা আইন প্রণয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।
আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক সাদেক রিপনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন।
বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহ সভাপতি জালাল উদ্দন, মহসিন পারভেজ, সেলিম হাওলাদার, মহিউদ্দিন আহমেদ, জিসান মাহমুদ, আবু বক্কর সিদ্দিক পাবেল, আবুল কাশেম, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ ও ক্রীড়া সংগঠক তারমিম আলম।
