বৃষ্টি থামাতে পারেনি বন্ধুত্ব, সিডনিতে ৬০ পুরুষের পথচলার বর্ষপূর্তি
পুরুষদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সামাজিক সংযোগ বৃদ্ধি নিয়ে কাজ করে সংগঠনটি।
আকাশজুড়ে তখন মুষলধারে বৃষ্টি, চারপাশ ভিজে একাকার। কিন্তু প্রকৃতির এই বৈরিতা থামাতে পারেনি তাদের সম্মিলন। অস্ট্রেলিয়ার সিডনির ম্যাককুয়ারি ফিল্ডসে ঠিক এমনই এক আবেগঘন পরিবেশে উদযাপিত হলো ‘মিস্টার পারফেক্ট’-এর মাসিক ‘কমিউনিটি এনগেজমেন্ট’-এর এক বছর পূর্তি।
রোববার সকালে বিনামূল্যের ‘কমিউনিটি বারবিকিউ’-তে একত্রিত হয়েছিলেন প্রায় ৬০ জন পুরুষ। পুরুষদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সামাজিক সংযোগ বৃদ্ধি নিয়ে কাজ করা কমিউনিটি সংগঠন ‘মিস্টার পারফেক্ট’-এর এ আয়োজন পরিণত হয়েছিল আড্ডা, বন্ধুত্ব ও পারস্পরিক যোগাযোগের এক অনবদ্য সকালে।
আয়োজকরা জানান, দীর্ঘ এক বছর ধরে প্রতি মাসে আয়োজিত এই মিলনমেলাটি পুরুষদের জীবন, সম্পর্ক ও মানসিক সুস্থতা নিয়ে খোলামেলা কথা বলার পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর এবং আয়োজনের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান অ্যাশ বলেন, “মিস্টার পারফেক্ট পুরুষদের জন্য এমন একটি নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে, যেখানে তারা নির্দ্বিধায় জীবনের কথা বলতে পারেন, নিজেদের না-বলা অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন এবং সবচেয়ে বড় কথা—তারা গভীরভাবে উপলব্ধি করতে পারেন যে জীবনের এই কঠিন লড়াইয়ে তারা মোটেও একা নন।”
বর্ষপূর্তির এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছিল ‘হ্যান্ডস অন হার্টস ম্যাকারথার’-এর ‘অ্যানিভার্সারি কেক’। আর ‘দ্য সাউন্ডস অব ম্যাকারথার’-এর সংগীত পুরো আয়োজনকে দিয়েছিল অন্যরকম এক প্রাণ।
আয়োজনে উপস্থিত ছিলেন ‘মিস্টার পারফেক্ট’-এর প্রধান কার্যনির্বাহী জন মুনি, ‘মেম্বার ফর হিউজেস’-এর সংসদ সদস্য ডেভিড মনক্রিফ, ‘কান্ট্রি অ্যাকনলেজমেন্ট’-এর ডেভিড বেল, ‘মিস্টার পারফেক্ট ক্যাম্পবেলটাউন সাইট হোস্ট’ লেই নিনহ্যাম এবং একদল স্বেচ্ছাসেবক।
আয়োজকদের মতে, পুরুষদের জীবনের নানা চ্যালেঞ্জ ও মানসিক সুস্থতা নিয়ে কথা বলার জন্য একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করাই ‘মিস্টার পারফেক্ট’-এর অন্যতম প্রধান লক্ষ্য। তারা এমন একটি কমিউনিটি তৈরি করতে কাজ করছে, যেখানে পুরুষরা কোনো ধরনের বিচার বা সংকোচ ছাড়াই অন্যদের সঙ্গে দেখা করতে, কথা বলতে এবং জীবনের বিভিন্ন বিষয় নিয়ে সংযোগ তৈরি করতে পারেন।
আসছে ২৫ অক্টোবর ‘ম্যাককুয়ারি রোড রিজার্ভ, ম্যাককুয়ারি ফিল্ডস এনএসডব্লিউ ২৫৬৪’ ঠিকানায় অনুষ্ঠিত হবে এর পরবর্তী আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান—“বন্ধুকে সঙ্গে নিয়ে আসুন, পরিচিত হোন, কথা বলুন এবং কিছুক্ষণ একসঙ্গে থাকুন।”
