১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাশকতার ১২ মামলায় ইশরাকের অন্তর্বর্তীকালীন জামিন

গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশের দিন সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ইশরাকের বিরুদ্ধে মামলাগুলো হয়।

নাশকতার ১২ মামলায় ইশরাকের অন্তর্বর্তীকালীন জামিন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 06:50 PM

Updated : 15 Apr 2024, 06:50 PM

নাশকতার ১২ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।

এর মধ্যে পল্টন থানার মামলা ছয়টি, তিনটি মামলা রমনা থানার, দুটি মতিঝিল থানার এবং ওয়ারী থানার একটি মামলা রয়েছে।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সাংবাদিকদের  জানান, এসব মামলায় ইশরাক গত ২৯ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।

মামলার নথি প্রাপ্তি সাপেক্ষে তার স্থায়ী জামিন বিষয়ে চূড়ান্ত শুনানির জন্য রাখা হয়েছে বলেও জানান তিনি।

গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশের দিন সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ইশরাকের বিরুদ্ধে মামলাগুলো হয়।