হত্যা মামলায় সাবেক এমপি রুহীর ৪ দিনের রিমান্ড
গত ২৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে রুহীকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল মঙ্গলবার এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।
গত ২৩ সেপ্টেম্বর বিকালে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে রুহীকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এরপর রাজু হত্যা মামলায় ২৪ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির গত ৩০ সেপ্টেম্বর রুহীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন মঙ্গলবার।
এদিন শুনানিকালে কারাগারে থাকা রুহীকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেয়।
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বাঁশবাড়ী এলাকায় জননী কুরিয়ার সার্ভিসের গলির সামনে বিক্ষোভ চলছিল। কুরিয়ার সার্ভিসটির কর্মচারী রাজু সেই বিক্ষোভ দেখছিলেন। হঠাৎ একটি গুলি এসে তার গায়ে লাগে।
পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২৭ অগাস্ট মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়।
নেত্রকোণো–১ আসনে আওয়ামী লীগ থেকে ২০০৮ ও ২০২৪ সালের নির্বাচনে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হওয়া রুহী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি আনন্দমোহন কলেজে ছাত্রলীগের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে ভিপি হয়েছিলেন।
