ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
উত্তর সিটিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনকে এবং দক্ষিণ সিটিতে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে পরিচয় করিয়ে দেন তিনি।
ঢাকার দুই সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েমকে পরিচয় করিয়ে দিয়েছেন দলের আমির শফিকুর রহমান।
রোববার রাজধানীর মধুবাগে দলের এক অনুষ্ঠানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনকে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে পরিচয় করিয়ে দেন।
শফিকুর রহমান বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি আমরা। তিনি খাল, নর্দমা যেখানে ডেঙ্গুর মশার চাষ হয় সেগুলো পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছেন।
“দক্ষিণে সাদিক কায়েম আছে। গ্রাম পর্যন্ত আমাদের সহকর্মীরা জনগণের কাছে পৌঁছে যাবে।’’
রোববার থেকে আগামী শনিবার পর্যন্ত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন’ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে দুইনেতাকে পরিচয় করিয়ে দেন দলের আমির।
