Published : 10 Jul 2023, 11:03 PM
জাতীয় নির্বাচনের আগে আলোচিত সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলটির সঙ্গে দেখা করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ।
সোমবার বিকালে গুলশানে ইইউ রাষ্ট্রদূতের বাসায় যান শাম্মী। তার সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমিরও ছিলেন।
পরে শাম্মী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের বৈঠক সিরিয়াস কিছু না। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে।
“সেই দিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে। আজকে সৌজন্যমূলক আলাপ-আলোচনা হয়েছে। অনেকটাই পরিচিত হওয়ার মতোই। নির্বাচন নিয়ে তেমন কথা হয়নি। উনারা হয়তো পরবর্তীতে আরও দলের সঙ্গে বসবেন, কথা বলবেন।"
জাতীয় নির্বাচন সামনে রেখে ইইউ প্রতিনিধি দল বাংলাদেশে সফর শুরু করার পরদিন সোমবার সচিবালয়ে ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন সংস্থাটির রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
ইইউ রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে কোনো উদ্বেগের কথা বলেছেন কি না, এ প্রশ্নে পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “কোনো উদ্বেগের কথা তারা বলেননি। তারা ভালোটা আশা করছেন।
“কোনো খারাপ কিছু নিয়ে কোনো কথা বলেননি। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হোক, এটাই তারা চেয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী ও পরিপক্কতা অর্জন করুক, এটি নিয়ে আলোচনা হয়েছে।”
নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা ইই্উয়ের নির্বাচন অনুসন্ধানী দল আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে বৈঠক করবে। তাদের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতেই নির্ধারণ হবে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত ইইউ প্রতিনিধি দলের বৈঠকে সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়ার বিষয়ে কোনও আলাপ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, "এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে না আসবে- এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার।
“এগুলো নিয়ে তাদের আলোচনা করা- আমার জায়গা থেকে শোভন মনে করি না। এগুলো নিয়ে আলোচনা হয় নাই।"
ইইউ প্রতিনিধিদল আপনাদের কোনও প্রস্তাব দিয়েছে কি না, এ প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, "তারা কোনও প্রস্তাব আমাদেরকে দেয়নি। যেহেতু আমাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত আছে। তাই এখানে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।"