২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

'জয় বাংলা' স্লোগানে মিছিল: কিশোরকে ছাড়িয়ে নেওয়া ব্যক্তিদের ‘খুঁজছে পুলিশ’

“যারা ছাড়িয়ে নিয়েছে, তারা ফ্যাসিস্টের লোক,” বলেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।

'জয় বাংলা' স্লোগানে মিছিল: কিশোরকে ছাড়িয়ে নেওয়া ব্যক্তিদের ‘খুঁজছে পুলিশ’

ছবি: ভিডিও থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 01:46 AM

Updated : 25 Sep 2026, 01:46 AM

ঢাকায় কুড়িল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগানের মিছিল থেকে ধরে ফেলা এক কিশোরকে ছাড়িয়ে নেওয়া ব্যক্তিদের খোঁজার কথা বলেছে পুলিশ।

তবে এ ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো মামলা বা আটকের তথ্য নেই বলে ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন।

এদিন দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনে এই মিছিল হয়।

সেখানে ছাত্রদলের পরিচয় দেওয়া এক যুবক মিছিলে অংশগ্রহণকারী একজনকে ধরে ফেলেন। পরে এলাকাবাসী পরিচয়ে কয়েকজন তাকে ছাড়িয়ে নেয়।

যারা ছাড়িয়ে নিয়েছে, তাদের 'ফ্যাসিস্টের সহযোগী’ অভিহিত করে ওসি মাজহারুল ইসলাম বলেন, তাদের খোঁজা হচ্ছে।

মিছিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে ‘স্থানীয় লোকজনের সঙ্গে’ ছাত্রদলের নেতা দাবি করা ওই যুবকের বেশ বাক-বিতণ্ডা হয়।

মিছিলে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তেল দে, বিদ্যুৎ দে, গ্যাস দে, নাইলে গদি ছেড়ে দে’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

আটক কিশোরের শার্টের কলার চেপে ধরা যুবককে বলতে শোনা যায়, “তোরে আনছে কে?”

কিশোর উত্তর দেয়, “এক বড় ভাই আনছে।”

তখন ওই যুবক জানতে চায়, “এটা কাদের মিছিল ছিল?”

ওই কিশোর বলে, ছাত্রলীগের মিছিল। সঙ্গে দাবি করে, এক বড় ভাই তাকে মিছিলে আসার বিনিময়ে আড়াইশ টাকা দিতে চেয়েছে।

অন্যদিকে যিনি ছাড়িয়ে নিচ্ছেন তিনি যুবকটির পরিচয় জানতে চাইলে যুবকটি নিজেকে ছাত্রদলের নেতা বলে দাবি করেন।

এ সময় যিনি ছাড়ে নিচ্ছেন তাকে বলতে শোনা যায় "ও পোলাপান মানুষ', ওকে ধরে লাভ আছে? সবাই ওর পক্ষে কথা বলছে।" এসময় ছাত্রদলের ওই যুবক যিনি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন তার পরিচয় জানতে চায় এবং বলে আপনি কে?

এর জবাবে উত্তেজিত হয়ে ওই ব্যাক্তি ছাত্রদলের ওই যুবককে লক্ষ্য করে বলেন, "আমার এলাকায় থাকো আবার আমাকে বলো আমি কে। নেতাগিরি ছুটাই দেবো একেবারে।"

এই বাক বিতন্ডার সময় আশেপাশে অনেকের সমাগম ঘটে এবং ওই কিশোর ছেলেটির পক্ষ নিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়।

এসব ব্যাপারে বৃহস্পতিবার রাতে ভাটারা থানার ওসি বলেন, "যে ছেলেটি ধরেছিল, সে ছাত্রদলের। যারা ছাড়িয়ে নিয়েছে, তারা ফ্যাসিস্টের লোক। ভিডিও দেখে তাদের পরিচয় শনাক্ত করে খোঁজা হচ্ছে। তাদের পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

কুড়িলে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, একজনকে ধরার ভিডিওতে যা দেখা গেল