তিন মাস পার টাকা দিয়েও খাবার পাবেন না: রব
“রাষ্ট্র পরিবর্তনের লড়াইয়ে রাজপথে নতুন গণশক্তির উত্থান ঘটেছে,” মন্তব্য করেন তিনি।
দেশে অর্থনৈতিক দুরাবস্থা চলছে দাবি করে ‘সামনে মহাবিপদ’ দেখছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
বুধবার দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘স্বৈরাচারের পতন ও রাষ্ট্র রূপান্তরে গণজাগরণ গড়ে তুলুন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বর্তমান সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে গিয়ে অর্থনীতিকে ধ্বংসের কাছে নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, “আমি বলে দিচ্ছি, সামনে মহাবিপদ।
“তিন মাস পরে টাকা দিয়েও খাওয়া পাবেন না, চাল পাবেন না, গম পাবেন না, আটা পাবেন না এমনকি বাচ্চা শিশুর দুধ কিনতেও পারবেন না।“
বিভিন্ন বিভাগীয় শহরে বিরোধী রাজনৈতিক দলের সমাবেশগুলোতে ব্যাপক লোকসমাগমের প্রতি ইঙ্গিত করে রব বলেন, “রাষ্ট্র পরিবর্তনের লড়াইয়ে রাজপথে নতুন গণশক্তির উত্থান ঘটেছে। রাজপথে যুবকদের, এই তরুণদের উত্থান ঘটেছে। আজকে বিভাগে বিভাগে যে, মানুষ চাটাই নিয়ে, খড় নিয়ে, চিড়া-গুড় নিয়ে, পায়ে হেঁটে যাচ্ছে।“
তার অভিযোগ, “বাস বন্ধ করে দিচ্ছে, ট্রেন বন্ধ করে দিচ্ছে এটার লক্ষণ হল মুক্তিযুদ্ধের সময় মানুষ এদেশ থেকে পাকিস্তানিদের অত্যাচারে যখন পালিয়ে যাচ্ছিল, আজকে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “আমি বলে দিচ্ছি, এরা যদি ভদ্রভাবে না সরে যায়, পরে তারা পালাতেও পারবে না। যাদেরকে তোমরা (ক্ষমতাসীনরা) খুন করেছ, গুম করেছ তারা তোমাদের পালাতে দেবে না।“
‘শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী-ছাত্র-যুবকদের’ ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সাংবিধানিক কমিশন গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগ ঢেলে সাজানো, গণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়াসহ শ্রমজীবী-কর্মজীবী মানুষের অংশীদারিত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার ১০ দফা দাবিনামা তুলে ধরেন গণতন্ত্র মঞ্চের অন্যতম এই নেতা।
রব বলেন, “এসব কার্যকর করতে হলে আরেকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হবে। প্রস্তুত হোন। আমাদের বয়স শেষে, এই যুবক-তরুণ সমাজকে এই কাজ করতে হবে। জীবন বাজি রেখে ক্ষমতার পরিবর্তনে লড়াই করতে হবে, এই লড়াইতে জিততে হবে।”
আলোচনা সভায় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সানোয়ার হোসেন তালুকদার, সিরাজ মিয়া, তানিয়া রব ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বক্তব্য দেন।
