Published : 26 Nov 2023, 07:19 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে জন্য জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সোমবার।
রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের এ কথা বলেন মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ১১টা থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
এ সময় মনোনয়ন বোর্ডের সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
পরে চুন্নু সাংবাদিকদের বলেন, “আশা করছি প্রার্থী বাছাই শেষে আগামীকাল বিকালে প্রার্থী তালিকা ঘোষাণা করতে পারব। কম-বেশি ৩০০ আসনেই আমাদের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।”
এক প্রশ্নে তিনি বলেন, “আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন গ্রহণযোগ্য করার ব্যাপারে নির্বাচন কমিশন কথা রাখবে।”
আগামী নির্বাচনে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, ছেলে সাদ এরশাদ এবং (দল থেকে অব্যহতিপ্রাপ্ত) ড. কে আর ইসলাম নির্বাচন করতে চাইলে তাদের মনোনয়ন ফরম দেওয়া হবে বলেও জানান চুন্নু।
এক সংবাদ সম্মেলনে দলের কো- চেয়ারম্যান সালমা ইসলাম, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।