১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

মঞ্চে থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি তখন বলছিলেন, "এই তোমরা বসে পড়, কোনো বিশৃঙ্খলা করা যাবে না।"

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 03:16 PM

Updated : 12 Jul 2023, 04:01 PM

ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের শুরুতেই মারামারি আর চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়েছে দুটি পক্ষ।

মঞ্চের সামনে অবস্থান নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বুধবার দুপুর পৌনে ২টার দিকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদের সমর্থকদের মারামারি শুরু হয়।

এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের চেয়ার ছুড়তে দেখা যায়। এ সময় মঞ্চ থেকে সবাইকে বসে পড়ার অনুরোধ জানাতে থাকেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন।

মাইক হাতে নিয়ে তিনি বলেন, "আমাদের মহানগরের নেতাকর্মীরা যারা সামনে আছেন, সবাই চেয়ারে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না।"

মঞ্চে থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি বলেন, "এই তোমরা বসে পড়, কোনো বিশৃঙ্খলা করা যাবে না।"

মঞ্চে উপস্থিত মহানগর আওয়ামী লীগের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌনে ২টার দিকে মহানগর দক্ষিণের মন্নাফি ভাইয়ের সমর্থকরা মঞ্চের সামনে চেয়ারে বসে যান, এ সময় রূপগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজীর পক্ষে একটি মিছিল মঞ্চের সামনে চলে আসে, তখন সেখানে বসাকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।"

আওয়ামী লীগের এই সমাবেশস্থল থেকে দেড় কিলোমিটার দূরে নয়া পল্টনে চলছে বিএনপির সমাবেশ। ওই কর্মসূচি থেকে সরকারপতনের আন্দোলনের ‘এক দফা’ ঘোষণা আসবে বলে আগেই জানিয়ে রেখেছেন দলটির নেতারা।   

এমন এক সময়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের এই পাল্টাপাল্টি সমাবেশ চলছে, যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ঢাকায়।

একইরকম ২৩টি শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ; যেখানে ব্যানারের আড়ালে লাঠি-রড বহন না করা, রাষ্ট্রবিরোধী বক্তব্য না দেওয়ার মত শর্ত দেওয়া হয়েছে।