এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে বিকালে ব্রিফিংয়ে আসছেন স্পিকার
এর আগে স্পিকারের সঙ্গে দেখা করেছেন তিনি।
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন কি না, তা নিয়ে আলোচনার মধ্যে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের টানেলে তিনি সাংবাদিকদের সামনে আসবেন।
সংসদ সচিবালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
কী বিষয়ে স্পিকার এই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন, বার্তায় তা বলা না হলেও সংসদ সচিবালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে জানাতেই এ সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার।
এদিন দুপুর ১টা ৪০ মিনিটে স্পিকারের দপ্তরে যান মিষ্টি। পাঁচ মিনিট পর সেখান থেকে বেরিয়ে যান তিনি।
পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, তার কাছে সাংবাদিকরা জানতে চাইলে মিষ্টি সরাসরি উত্তর দেননি।
তিনি বলেন, “বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে।”
স্পিকার তাকে ডেকেছিলেন তুলে ধরে মিষ্টি বলেন, “আমাকে স্পিকার ডেকেছেন, আমি স্পিকারের সাথে কথা বলতে আসছি।”
এর আগে ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
