২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সংবিধান সংস্কারে গায়ের জোর ভালো হবে না: মান্না

দেশের সব জায়গায় ‘অত্যাচারের উৎসব লেগেছে’ বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান সংস্কারে গায়ের জোর ভালো হবে না: মান্না

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে আলোচনা সভায় কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 09:05 PM

Updated : 28 Sep 2026, 09:05 PM

সংবিধান সংস্কারে সবাইকে নিয়ে কাজ করতে বললেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, “সংবিধান সংশোধন বা সংস্কারে ব্যর্থ হলে সব দায়দায়িত্ব বিএনপির ওপর পড়বে। বিরোধী দলসহ সব অংশীজনকে নিয়ে সরকারকে সংবিধান ও রাষ্ট্রের রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে।

“গায়ের জোরে কিছু করলে তা ভালো হবে না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সংকট বেড়ে যায় এমন কিছু করা যাবে না।”

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় কথা বলছিলেন মান্না। ‘রাষ্ট্র সংস্কার এবং সংবিধান বিতর্ক’ শিরোনামে এ সভা আয়োজন করে নাগরিক ঐক্য।

শাসন ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা তুলে ধরে তিনি বলেন, “কিন্তু ক্ষমতা কি বিকেন্দ্রীকরণ হয়েছে? তা নাহলে তো আবারও স্বৈরাচার হয়ে ওঠা স্বাভাবিক। নির্বাচনের আগে গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিষদ গঠন করার কথা ছিল। সংবিধানের তত্ত্বাবধায়ক তো সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিম কোর্ট চাইলেই সংবিধান বাতিল হতে পারে।”

ঢাকার ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে তিনি বলেন, “সালমান মুক্তাদিরের একটি ভিডিও দেখলাম। এতে মানুষের স্বপ্ন কীভাবে গুঁড়িয়ে যায়, তার একটি জ্বলজ্যান্ত চিত্র দেখলাম।

“সালমান মুক্তাদির বলছিলেন, তার নিজের শক্তি আছে এবং আবারও স্টুডিওটি দাঁড় করানোর শক্তি আছে। কিন্তু সেখানে যারা চাকরি করছিলেন, তাদের কি হবে? আমার জানামতে তার স্টুডিওটি দেশের অন্যতম আধুনিক স্টুডিও ছিল। অথচ সেটিও ভেঙে ফেলা হল।”

দেশের সব জায়গায় ‘অত্যাচারের উৎসব লেগেছে’ মন্তব্য করে মান্না বলেন, “খুনোখুনি, ধর্ষণ, হামলা, গ্রেপ্তার ও মানুষের নিরাপত্তাহীনতার ঘটনা ঘটছে। অথচ বড় একটি গণঅভ্যুত্থানের পর এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না।”

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রসঙ্গেও কথা বলেন দলের সভাপতি মান্না।

“আমি পুলিশকে ফোন করে জানতে পারি, পুলিশের কাছে কোনো মামলা হয়নি, আদালতে মামলা হয়েছে। এরপর ম্যাজিস্ট্রেট আদালতও জামিন দেয়নি। আবার বিভিন্ন কারণে জজ কোর্টও বসেনি। উপজেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছেন, কিন্তু মামলার কপি দেওয়া হবে না। আবার জজ কোর্টও বসবে না। এটা কেমন কথা।

“তার মানে তারা নিম্নআদালতও দখল করে ফেলেছে। কারা? ওই যে সালমান মুক্তাদির বলেছে না, কারা, তারা।”

নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দীপু, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার সভায় কথা বলেন।