জামায়াতের আমিরকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ
“উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো নিয়ে একমত হয়,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লোহ।
সোমবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গিয়ে তিনি এই আমন্ত্রণ জানান বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন।
“আলোচনায় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ‘ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন।
সাক্ষাতের সময় ডেরেক লোহর সঙ্গে সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি, সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন ও বিরোধী দলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।
