২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপির শুভেচ্ছা বিনিময়

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান।

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপির শুভেচ্ছা বিনিময়

বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 08:11 PM

Updated : 03 May 2023, 08:11 PM

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জ্যেষ্ঠ নেতারা।

বুধবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সম্মানে এই সংবর্ধনার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন এবং বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে ওইদিন সরকারি ছুটি রয়েছে। মহামতি গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ - এই ঘটনার স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ শীর্ষ নেতারা খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, পাবর্ত্য চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকার মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সুনন্দ মিত্র থের, জিন প্রিয় ভিক্ষু, খাগড়াছড়ি বৌদ্ধ মন্দিরের ইন্দ্র বংশ ভিক্ষু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে ও সুভাষ চন্দ্র চাকমার সঞ্চালনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বিজন কান্তি সরকার, বৌদ্ধ সম্প্রদায় সদস্যদের মধ্যে সাচিং প্রু জেরি, উদয় কুসুম বড়ুয়া, সুশীল বড়ুয়া, মৈত্রী চাকমা, প্রবীন চন্দ্র চাকমা, চন্দ্র কুমার বড়ুয়া, পার্থ প্রতিম বড়ুয়া, কোহিলী দেওয়ান, সনত তালুকদার, ঝন্টু কুমার বড়ুয়া, রুবেল বড়ুয়া প্রমূখ এ সময় বক্তব্য রাখেন।

এছাড়া তুরণ দে, মিল্টন বড়ুয়া, সত্যজিত বড়ুয়া, জিকু বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া, দীপু বড়ুয়া, প্রতিম বড়ুয়া প্রমূখ নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।