২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনীতে অনুপস্থিত কেন? প্রধানমন্ত্রীর প্রশ্নে যে জবাব দিল জামায়াত

“বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না—বিএনপির এমন অভিযোগ হাস্যকর,” বলেন গোলাম পরওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 05:01 PM

Updated : 20 Oct 2026, 05:01 PM

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রশ্ন তুলেছেন, তার ব্যাখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘যথাযথ সম্মান না দেওয়ার’ কারণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা যাননি।

সোমবার রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সে অনুষ্ঠানে বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সরকারপ্রধান। যাদের জীবন উৎসর্গের কারণে তারা জাতীয় সংসদে স্থান পেয়েছে তারা আদৌ জুলাই চেতনা ধারণ করেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা খেয়াল করছি, দেশের দেশের মানুষ দেখছে যে, বিরোধী দল বিরোধিতা করার জন্য বিরোধিতা করে যাচ্ছে। ঠিক আছে বিরোধিতা আপনারা করেন।

“আজকে বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেন তাহলে অবশ্যই সেটি দেশের জন্য কোন ভালো পরিণাম বয়ে আনবে না। সেটি যেমন জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করা হবে, একইভাবে একাত্তরের এর মুক্তিযোদ্ধাদের সাথেও একইভাবে গাদ্দারি করা হবে।”

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন, “ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম উল্লেখ না করা অসম্মানজনক। অথচ প্রতিমন্ত্রীদের নাম কার্ডে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী, তিনি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার অধিকারী।

“কিন্তু আমন্ত্রণপত্রে যথাযথ সম্মান না দেওয়ার কারণে তিনি অনুষ্ঠানে যাননি। ফলে আমরা এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করছি। প্রধানমন্ত্রী যে অসত্য ও হাস্যকর তথ্য তুলে ধরেছেন, আমরা তার নিন্দা জানাই।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না—বিএনপির এমন অভিযোগ হাস্যকর। জামায়াতে ইসলামীই জুলাইকে ধারণ করে। সরকার জুলাইকে ধারণ না করায় তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না।

“তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোকদের বসাচ্ছে।”

জামায়াতে ইসলামী ‘ফ্যাসিস্টদের’ ফিরে আসার সুযোগ করে দিচ্ছে না তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, “আমরা যদি সরকারের দুর্নীতি ও দলীয়করণ নিয়ে কথা বলি, তখন আমরা নাকি রাষ্ট্রের বিরোধিতা করি। তারা এসব বলে একদলীয় কর্তৃত্ব কায়েম করার মাধ্যমে ফ্যাসিবাদকে ও আওয়ামী লীগকে ফেরার পথ করে দিচ্ছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আব্দুর রব, মতিউর রহমান আকন্দ।

আগের খবর:

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে বিরোধী দল কোথায়? প্রশ্ন প্রধানমন্ত্রীর