২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

বিমানবন্দর থেকে সড়কপথে শাহজালাল (র.) এর মাজারে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 08:08 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ভোটের আনুষ্ঠানিক প্রচারাভিযানে নামার লক্ষ্যে সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার রাত ৮টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তারেক রহমানের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তার স্ত্রী জুবাইদা রহমানও আছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে সাংবাদিকদের বলেন, “বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতে তারেক রহমান সিলেট পৌঁছেছেন। তিনি হয়রত শাহজালাল ও  শাহপরানের মাজার জিয়ারত করবেন।”

এদিন সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানসহ কয়েকশ নেতাকর্মী। 

বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি হয়রত শাহজালাল (র.) মাজারে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখান থেকে যাবেন খাদিমনগরে হয়রত শাহপরানের মাজারে।

মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন তিনি। সেখানে কিছু সময় অবস্থানের পর শহরের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ উঠবেন তিনি। সেখানেই তার রাত্রিযাপনের কথা।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো যান। ২১ বছর পর তিনি দ্বিতীয়বারের মতো সেখানে যাচ্ছেন।“