২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এনসিপিকে শাপলা না দিলে ‘নির্বাচন কীভাবে হয় দেখে নেবেন’ সারজিস

“এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামত উঠবস করেছে?”

এনসিপিকে শাপলা না দিলে ‘নির্বাচন কীভাবে হয় দেখে নেবেন’ সারজিস
সারজিস আলম। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক না দিলে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার বিকালে এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই। 

“না হলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।”

এনসিপি শাপলার পাশাপাশি সাদা শাপলা ও লাল শাপলাও প্রতীক হিসেবে চেয়ে আসছে। কিন্তু নির্বাচন কমিশন শাপলা না রেখে ১১৫টি প্রতীকের তালিকা সম্বলিত নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। সেই আচরণবিধি ও প্রতীক তালিকাই অনুমোদন করেছে সরকার।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এনসিপি যদি নিবন্ধনও পায়, তালিকায় না থাকায় তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না।

“আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।”

তার ওই বক্তব্যের পর ফেইসবুকে পোস্ট দিয়ে শাপলা মার্কার দাবিতে অটল থাকার কথা তুলে ধরেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি লিখেছেন, “ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।

“যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামত উঠবস করেছে?”

 কমিশনকে হুঁশিয়ার করে সারজিস লিখেছেন, “সকল ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।” 

এর আগে সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেছিলেন, শাপলার দাবি তারা ছাড়বেন না।

“এই তিনটি প্রতীক থেকে আমরা সরছি না। আমরা খোঁজ পাচ্ছি, এ প্রতীকগুলো নিয়ে ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে।”

তবে সেই সুযোগ নেই জানিয়ে ইসি সচিব মঙ্গলবার বলেন, “এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু তালিকায় শাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প প্রস্তাব পাঠাতে। নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে।”

আরো পড়ুন:

'শাপলা' পেতে বাধা দেখছেন না এনসিপি আহ্বায়ক

নিবন্ধন নিয়ে সুখবর আসছে, শাপলার দাবি ছাড়ছি না: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাপলা-দোয়েল বাদ, প্রতীক তালিকায় যা যা থাকল