১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘শাপলা’ পেতে বাধা দেখছেন না এনসিপি আহ্বায়ক

“জাতীয় প্রতীক কেবল শাপলা নয়। শাপলা, ধানের শীষ, তারকা-এগুলো মিলিয়ে জাতীয় প্রতীক।”

‘শাপলা’ পেতে বাধা দেখছেন না এনসিপি আহ্বায়ক
নির্বাচন কমিশনে রোববার এনসিপির নিবন্ধন আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতে কোনো আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নির্বাচন পরিচালনা বিধিমালায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হলে তা বিধিসম্মতভাবে এনসিপির জন্য বরাদ্দ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

অন্য একটি দলও ‘শাপলা’ প্রতীক দাবি করেছে। এনসিপি বলছে, নির্বাচন কমিশনই বিষয়টি নিষ্পত্তি করবে।

রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির একটি প্রতিনিধি দল। দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বিকালে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কমিশনে জমা দেন তারা।

পরে সন্ধ্যায় নির্বাচন ভবনের নিচে নেতাকর্মীদের নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, রোববার নির্ধারিত সময়ের মধ্যে এনসিপির পক্ষ থেকে ‘নিবন্ধন শর্তের চেয়েও বেশি কাগজপত্র’সহ আবেদন জমা দেওয়া হয়েছে।

“সব শর্ত পূরণ করে কাগজপত্রসহ আমরা আবেদন জমা দিয়েছি। ২৫টি জেলা, ১০৫টি উপজেলা কমিটি ও প্রতিটি উপজেলায় ২০০ জন সমর্থক, অফিস চুক্তিসহ গঠনতন্ত্র, কাগজপত্র জমা দিয়েছি। আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে এনসিপি নিবন্ধন পাবে।”

যে কারণে শাপলা চায় এনসিপি

তিনটি ‘মার্কার’ জন্য এনসিপি আবেদন করেছে। শাপলা, কলম ও মোবাইল। তবে এর মধ্যে শাপলাই তারা চায়। 

নাহিদ ইসলাম বলেন, “আমাদের প্রথম পছন্দ শাপলা। আশা করছি, জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, গ্রাম বাংলার প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাবে। শাপলা মার্কা নিয়ে আগামী দিনে নির্বাচনে অংশ নেব।”

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রবাসী ভোটাধিকারের বিষয়েও আলোচনার কথা বলেন নাহিদ। 

“আমরা জোর দাবি জানিয়েছি, প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে যাতে রক্ষা হয়। এখনও ইসি সিদ্ধান্ত নেয়নি কোন প্রক্রিয়ায় হবে। দ্রুত সময়ে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন।”

‘শাপলা পেতে বাধা নেই’

জাতীয় প্রতীক শাপলা কিভাবে এনসিপি বরাদ্দ পাবে– এই প্রশ্ন করা হয়েছিল নাহিদ ইসলামকে।

জবাবে তিনি বলেন, “ইসির যে আইন-বিধি আমরা পর্যালোচনা করেছি, সেই আইনগুলোতে এ ধরনের কোনো বাধা নিষেধ নেই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে রয়েছে। সেক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে (শাপলা) আবেদন করেছি।”

রোববার নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধন আবেদন জমা দেন দলটির নেতাকর্মীরা।

রোববার নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধন আবেদন জমা দেন দলটির নেতাকর্মীরা।

জাতীয় প্রতীকের একটি কথা এসেছে জানিয়ে তিনি জানান, জাতীয় প্রতীক কেবল শাপলা নয়। শাপলা, ধানের শীষ, তারকা-এগুলো মিলিয়ে জাতীয় প্রতীক।

“সেক্ষেত্রে ধানের শীষ, তারকা বা তারা–এ দুটোও দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা দেখি না। নির্বাচন কমিশনের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি। আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি। নদী মাতৃক বাংলাদেশের সবার কাছে পরিচিত শাপলা। সাধারণের দল হিসেবে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আবেদন করেছি।”

ইতোমধ্যে নাগরিক ঐক্য তাদের ‘কেটলি’ প্রতীক পাল্টে ‘শাপলা’ প্রতীক দেওয়ার জন্য আবেদন করেছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, “একটি দলের কথা বলেছিলেন, উনারা একটি প্রতীক অলরেডি পেয়েছেন। বিদ্যমান তালিকা থেকে যদি নিষ্পত্তি হয়ে যায়, বর্তমানে যে প্রতীক (শাপলা) চেয়েছে, সেটা নেই (বিধিমালায়)। ফলে এটার দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত।”

ভবিষ্যতে নির্বাচন কমিশন বিধিমালায় এনসিপির চাওয়ার প্রতীকগুলো অন্তর্ভুক্ত হবে বলে আশা করেন তিনি।

“বর্তমানে যে প্রতীকগুলো (তালিকা) রয়েছে, তাতে ভালো কোনো প্রতীক দেখি না আমরা। নতুন প্রতীক আসার সিদ্ধান্ত হবে। কোনো সমস্যা হবে বলে মনে করি না আমরা।”

সিইসির সঙ্গেও প্রতীক নিয়ে আলাপ

শাপলা প্রতীক নিয়ে সিইসির সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা সিইসির কাছে বলেছি যে, সকল শর্তাবলী ও আইন পযালোচনা করে আমরা আবেদন করেছি। প্রত্যাশা করব, কমিশন নিরপেক্ষভাবে আইন অনুযায়ী উনাদের কাযক্রম সম্পন্ন করবেন। সেক্ষেত্রে এনসিপি যাতে কোনো বৈষম্যের বা অবিচারের শিকার না হয়।”

সংস্কারের কাজ চলমান মন্তব্য করে তিনি বলেন, “এনসিপির কাছে এখনও প্রায়োরিটি হচ্ছে সংস্কার। সংস্কারের উপর নির্ভর করে আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব।”

এবার প্রায় দেড়শ আবেদন

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এবার অন্তত ১৪৭টি নিবন্ধন আবেদন জমা পড়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

ডেসপ্যাচ থেকে তথ্য একীভূত করা হলে ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা আনুষ্ঠানিকভাবে সে তথ্য জানাবে।

এবারের নির্বাচন সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করা হয়। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল।

অনেকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হল রোববার।

আরো পড়ুন

নতুন দল নিবন্ধনের আবেদন যাচাইয়ে কমিটি

দল নিবন্ধনশেষ দিনে ইসিতে আবেদন জমার 'হিড়িক'