Published : 01 Feb 2026, 03:14 PM
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ রোববার এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আওয়ামী লীগ নেতা ফরহাদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।
সেখানে বলা হয়, ফরহাদ হোসেন ‘ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫ টাকার সম্পদ অর্জন করেছেন।
তার নামে ১২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৪৭১ টাকা জমা এবং ৬ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ৯৯৬ টাকা উত্তোলনের তথ্য পাওয়ার তথা বলছে দুদক।
আবেদনে বলা হয়, “তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ফরহাদ হোসেন অন্য মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। জামিনে মুক্ত হলে আত্মগোপন বা বিদেশে পালিয়ে যেতে পারেন।”
এ বিষয়ে শুনানির জন্য ফরহাদ হোসেনকে রোববার আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।
২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাইয়ের এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।