১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহিলা দলের সুলতানার মামলায় প্রতিবেদন পেছাল

গত ৬ নভেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন এই সাবেক সংসদ সদস্য।

মহিলা দলের সুলতানার মামলায় প্রতিবেদন পেছাল

আদালতে সুলতানা আহমেদ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 03:45 PM

Updated : 20 Dec 2022, 03:45 PM

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকায় সুলতানাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কিন্তু তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ঠিক করে দেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতানার বিরুদ্ধে গত ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় এ মামলা দায়ের করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগ আনা হয় সেখানে।

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নেওয়ার পর সেদিন সকালে ঢাকায় ফিরে গ্রেপ্তার হন সুলতানা আহমেদ। পরে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় পল্টন থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে।

পুরানো খবর:

জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে মহিলা দল নেত্রী সুলতানা

পুরানো খবর:

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা দুই দিনের রিমান্ডে

মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে মিডিয়াকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন সুলতানা আহমেদ। সেখানে তিনি ‘উসকানিমূলক ও আপত্তিকর’ কথা বলেন।