১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আপিলে ২ মামলায় খালাস পেলেন যুবদলের ইসহাক

গত ৭ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 02:21 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ঢাকার বংশাল ও কোতোয়ালী থানার দুই নাশকতার মামলায় আপিলে খালাস পেয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

বুধবার ঢাকার ষোড়শতম অতিরিক্ত মহানগর দায়রা জজ সেলিনা আক্তার এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মামুন মিয়া।

২০২৩ সালের ২৫ অক্টোবর বংশাল থানার নাশকতার মামলায় পৃথক দুই ধারায় ইসহাক সরকারকে আড়াই বছর কারাদণ্ড দেওয়া হয়। একই বছরের ৭ অগাস্ট কোতোয়ালী থানার মামলায় দেওয়া হয় দুই বছরের কারাদণ্ড।

গত ৭ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন জামিন চান ইসহাক সরকার। ওইদিন তার জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়। এরপর আপিলের শর্তে গত ২১ সেপ্টেম্বর জামিন পেয়ে কারামুক্ত হন তিনি। পরে সাজার বিরুদ্ধে আপিল করে খালাস পেলেন তিনি। 

মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৩ সালের ১ অক্টোবর কোতোয়ালী থানা এলাকায় অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ইসহাক সরকারসহ ৩৮ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা করে পুলিশ। 

আরেক মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ২৯ অক্টোবর বংশাল থানা এলাকায় ইসহাক সরকারের নেতৃত্বে গাড়ি ভাংচুরের চেষ্টা করা হয়। তখন তাকে গ্রেপ্তারে চেষ্টা করলে ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে আক্রমণের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

আত্মসমর্পণের পর কারাগারে যুবদল নেতা ইসহাক

১০ বছর আগের মামলায় যুবদল নেতা ইসহাকসহ নয়জনের সাজা